নিজস্ব প্রতিনিধি, ইসলামাবাদ: ফের রক্তে ভিজল পাকিস্তানের মাটি। শনিবার (২ অগস্ট) খাইবার পাখতুনখোয়ার লাকখি মারওয়াতে মর্টার শেল বিস্ফোরণে প্রাণ হারিয়েছে ৫ শিশু। আহত হয়েছে কমপক্ষে ১২ জন। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। ফলে মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করছেন প্রশাসনিক আধিকারিক। কিভাবে ঘটনাস্থলে মর্টার শেলটি এলো তা তদন্ত করে দেখা হচ্ছে। বিস্ফোরণের পরেই আতঙ্কিত হয়ে পড়েছেন এলাকার বাসিন্দারা।
লাকখি মারওয়াত পুলিশের এক মুখপাত্র জানিয়েছেন, এদিন সকালে স্থানীয় একটি মাঠে খেলছিল শিশুরা। খেলতে খেলতে মাঠের মধ্যে একটি মর্টার শেল পড়ে থাকতে দেখে। খেলনা ভেবে ওই মর্টার শেলটি নিজের বাড়ি নিয়ে আসে এক শিশু। আর বাড়িতে আনার পরেই সেটিতে বিস্ফোরণ ঘটে। বিকট শব্দে কেঁপে ওঠে বিস্তীর্ণ এলাকা। রক্তাক্ত অবস্থায় ছড়িয়ে ছিটিয়ে পড়ে শিশুরা। বিস্ফোরণের খবর পেয়েই জরুরি বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছন। শুরু হয় উদ্ধার কার্য। রক্তাক্ত অবস্থায় মোট ১৭ জনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। যার সিংহভাগই শিশু।
হাসপাতালে নিয়ে যাওয়ার পরে পাঁচটি শিশুকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। বাকিদের অবস্থাও সঙ্কটজনক শক্তিশালী বিস্ফোরণের ফলে দেহের অধিকাংশ জায়গা ঝলসে গিয়েছে। হাসপাতালের চিকিৎসক ও নার্সদের ছুটি বাতিল করে অবিলম্বে কাজে যোগ দেওয়ার নির্দেশ দিয়েছে স্থানীয় প্রশাসন। ঘটনাস্থল এবং আশেপাশের এলাকায় বিশেষ তল্লাশি চালাতে শুরু করেছে বম্ব ডিসপোজাল স্কোয়াড। আরও কোনও মর্টার শেল রয়েছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে।