নিজস্ব প্রতিনিধি: তারকাদের সম্পর্কের চড়াই-উতরাই লেগেই রয়েছে, কারো প্রেম ভাঙছে তো কারো বিয়ে ভাঙছে। আর সেলিব্রিটিদের প্রতি মুহূর্তের আপডেট জানতে উদগ্রীব থাকেন ভক্তরা। এবার ১৯ বছরের দাম্পত্যে ইতি টানলেন ‘ভাবাজি ঘর পর হ্যায়’-এর ‘আঙ্গুরি ভাবী’ খ্যাত অভিনেত্রী সুভাঙ্গি আত্রে। পাশাপাশি জানালেন, ডিভোর্সের পরে নিজেকে মুক্ত লাগছে তাঁর। এতদিন যেন জেলখানায় বন্দী ছিলেন তিনি। এবার তাঁর মুক্তি! অভিনেত্রী ব্যাক্তিগত জীবনের কারণে প্রায়শই সংবাদের শিরোনামে থাকেন। জল্পনা ছিল, গত দু’বছর ধরে তিনি স্বামীর সঙ্গে থাকেন না সুভাঙ্গি।
অবশেষে জল্পনায় শিলমোহর দিলেন তিনি। সম্প্রতি একটি সাক্ষাৎকারে অভিনেত্রী বিবাহিত জীবন নিয়ে মুখ খুলেছেন, তিনি জানিয়েছেন, তিনি এবং তাঁর স্বামীর অনেকদিন আগেই ডিভোর্স হয়ে গিয়েছে। ১৯ বছরের বিবাহিত জীবন তাঁরা শেষ করেছেন। তবে অভিনেত্রীর পক্ষে এই সিদ্ধান্ত নেওয়া খুবই কঠিন ছিল।
অভিনেত্রীর কথায়, ‘ডিভোর্সের সিদ্ধান্ত আমার জন্যে বেদনাদায়ক ছিল। আমি এই সম্পর্ক রাখতে চেয়েছিলাম। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে আমাদের মধ্যে মতবিরোধেই সৃষ্টি হয়েছিল। মনে হচ্ছিল জেলখানায় বন্দী রয়েছি। আমি তাও মানিয়ে নেওয়ার বহু চেষ্টা করেছিলাম। কিন্তু আমার কাছে পরবর্তী সময়ে এটা বোঝা হয়ে উঠেছিল। আমি এক ধরনের পরাধীনতা অনুভব করছিলাম। আমার আবেগগুলি ভাষায় প্রকাশ করা খুবই কঠিন। এখন আমি সম্পূর্ণরূপে আমার মেয়ে আর্শির উপর মনোযোগ দেবো। আমি তাঁকে সুখী এবং সুন্দর জীবন দিতে চাই।’