নিজস্ব প্রতিনিধি, ঢাকা: মঞ্চে গাইতে গাইতেই অসুস্থ হয়ে পড়েছেন বাংলাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী সাবিনা ইয়াসমিন। এখন কেমন আছেন তিনি? শুক্রবার (৩১ জানুয়ারি) রাতে একটি সঙ্গীতানুষ্ঠানে গাইতে গাইতেই অসুস্থ হয়ে পড়েন সাবিনা ইয়াসমিন। এরপর রাত সাড়ে ১০ টা নাগাদ তাঁকে দ্রুত বনানীর বিলাসবহুল হোটেল থেকে গুলশানের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে এখন গায়িকা শারীরিক অবস্থা স্থিতিশীল। কিংবদন্তি গায়িকার মেয়ে জানিয়েছেন, তাঁর মায়ের শারীরিক অবস্থার একটু উন্নতি হলেও কিছুদিন চিকিৎসকদের পর্যবেক্ষণে থাকতে হবে। এদিকে পরপর একের পর এক শো রয়েছে সাবিনা ইয়াসমিনের।
এমতাবস্থায় চিকিৎসকরা জানিয়েছেন, যেহেতু তাঁকে হাসপাতালে কিছুদিন থাকতে হবে, তাই আপাতত কোনও অনুষ্ঠানে তাঁর গাওয়া হবে না। দীর্ঘ একবছর পর গতকাল সন্ধ্যায় রাজধানী ঢাকার একটি অনুষ্ঠানে গাইতে উঠেছিলেন সাবিনা ইয়াসমিন। প্রায় ৪৫ মিনিট গান গেয়েছিলেন তিনি। মুগ্ধ হয়ে দর্শকরা গান শুনেছেন তাঁর। কিন্তু অনুষ্ঠানের মাঝেই তাল কাটে। হঠাৎই মঞ্চে অসুস্থ হয়ে পড়েন কিংবদন্তি গায়িকা। এরপর তড়িঘড়ি তাঁকে হোটেল কক্ষে নিয়ে যাওয়া হয়। কিন্তু তাঁর স্বাস্থ্যের দ্রুত অবনতি ঘটলে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আসলে গায়িকা একজন ঘনিষ্ঠ বলেছেন, সাবিনা ইয়াসমিনের ভার্টিগো সমস্যা রয়েছে। এদিন গাইতে গাইতে তিনি ভার্টিগো সমস্যায় আক্রান্ত হন। এরপর মাইক্রোফোন স্ট্যান্ড ধরতে গিয়ে আর ভারসাম্য রাখতে পারেননি তিনি। মঞ্চের মধ্যেই লুটিয়ে পড়েন গায়িকা।
তারপর তাঁকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ২০২৩ সালের শেষ দিকে অস্ট্রেলিয়ার সিডনি, মেলবোর্ন ও ব্রিসবেনে একাধিক স্টেজ শো করে আর মঞ্চে দেখা যায়নি সাবিনা ইয়াসমিনকে। দীর্ঘ একবছর পর তিনি গতকাল মঞ্চে ফিরেছিলেন। কিন্তু অনুষ্ঠানের মাঝেই অসুস্থ হয়ে পড়েন গায়িকা। নিজেকে বাংলা গানের অপরিহার্য শিল্পী হিসেবে প্রতিষ্ঠিত করেছেন সাবিনা ইয়াসমিন। ১৯৬২ সালে রবীন ঘোষের সুরে প্রথম ছোটদের গানে কণ্ঠ দেন তিনি। এরপর তিনি একের পর সুপারহিট গান উপহার দিয়েছেন বাঙালি দর্শকদের।