নিজস্ব প্রতিনিধি: একদিকে ছাত্র আন্দোলনে অগ্নিগর্ভ বাংলাদেশ। অন্যদিকে বৃহস্পতিবার সকাল থেকেই বাংলাদেশের চলচ্চিত্র মহলে শোকের ছায়া। মারা গিয়েছেন ওপার বাংলার জনপ্রিয় বাংলা ব্যান্ড ‘মাইলস’-এর গায়ক শাফিন আহমেদ। যার কন্ঠের ‘ফিরিয়ে দাও..হারানো প্রেম তুমি ফিরিয়ে দাও…’, আজও তরুণ মনকে উথাল পাতাল করে দেয়। এই গান আজও সকলের হৃদয়কে নাড়া দেয়। প্রয়াত সেই গানেরই কন্ঠী শাফিন আহমদ। জানা গিয়েছে, বৃহস্পতিবার সকালে মার্কিন যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ার হাসপাতালে মারা যান বাংলাদেশের এই প্রবাদপ্রতিম সঙ্গীতশিল্পী। ছাত্র আন্দোলনের মধ্যেই গায়কের মৃত্য সংবাদ আরও ওপার বাংলাকে নাড়িয়ে দিল।
তবে শুধু বাংলাদেশ নয়, ‘মাইলস’ এবং শিল্পী শাফিন আহমেদ কলকাতাতেও সমান জনপ্রিয় ছিলেন। শিল্পীর বয়স হয়েছিল ৬৩ বছর। জানা গিয়েছে, তিনি ভার্জিনিয়াতে গিয়েছিলেন একটি শো করার জন্যে, ২০ জুলাই শাফিনের কনসার্ট ছিল। কিন্তু হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় তাঁকে শো বাতিল করতে হয়, ৪ দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে মারা গেলেন শাফিন। বৃহস্পতিবার সকালে তাঁর দেহ বাংলাদেশে আনার জন্যে ভার্জিনিয়াতে রওনা দিয়েছেন তাঁর পরিবারের লোকজন। জানা গিয়েছে, তাঁর শরীরের বিভিন্ন অংশ অকার্যকর হতে শুরু করেছিল শেষের দিকে, তাই তাঁকে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল। কিন্তু শেষ রক্ষা আর হল না। মাত্র ৬৩ বছর বয়সে না ফেরার দেশে চলে গেলেন শাফিন। শাফিনের জন্ম ১৯৬১ সালের ১৪ ফেব্রুয়ারি।
তিনি মাইলসের বেজ গিটারিস্ট এবং প্রধান গায়ক। মাইলস ব্যান্ডের বাইরে একা গেয়েও জনপ্রিয়তা অর্জন করেছেন। কন্ঠশিল্পীর পাশাপাশি একাধারে সুরকার ও গীতিকারও ছিলেন তিনি। তার কণ্ঠে তুমুল জনপ্রিয় কিছু গানের মধ্যে রয়েছে- চাঁদ তারা সূর্য, জ্বালা জ্বালা, ফিরিয়ে দাও, ফিরে এলে না, আজ জন্মদিন তোমার- প্রভৃতি। আশি ও নব্বইয়ের দশকে বাংলাদেশে তুমুল জনপ্রিয়তা পেয়েছিল তাঁর ব্যান্ড মাইলস। সেইসঙ্গে শ্রোতাদের কাছে জনপ্রিয়তা বাড়তে থাকে শাফিনের। তিনি রাজনীতিতেও সক্রিয় ছিলেন। ২৫ জুলাই সকাল ৬টা ৫০ মিনিটের দিকে শাফিন আহমেদ হৃদ্রোগে আক্রান্ত হয়ে যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ার একটি হাসপাতালে মারা গিয়েছেন। বাবার কাছে উচ্চাঙ্গসঙ্গীত শিখেছেন আর মায়ের কাছে শিখেছেন নজরুলসংগীত।