নিজস্ব প্রতিনিধি: অসুস্থ জনপ্রিয় পঞ্জাবি গায়ক গুরু রন্ধাওয়া, হাসপাতালে ভর্তি। হাসপাতালের বিছানায় শুয়ে ছবি পোস্ট করলেন অভিনেতা-গায়ক। কী হয়েছে তাঁর? জানা গিয়েছে, গুরু রন্ধাওয়া তাঁর আসন্ন ছবি ‘শৌনকি সর্দার’-এর শুটিংয়ের সময় গুরুতরভাবে আহত হয়েছেন। একটি অ্যাকশন দৃশ্যের শুটিংয়ের সময় দুর্ঘটনা ঘটে গুরুতর জখম হয়েছেন গায়ক। সোশ্যাল মিডিয়ায় গুরু নিজেই তাঁর ভক্তদের এই তথ্য দিয়েছেন। সঙ্গে হাসপাতাল থেকে তাঁর ছবিও শেয়ার করেছেন। গুরু রন্ধাওয়া তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে নিজের একটি ছবি শেয়ার করেছেন।
যেখানে তাঁকে হাসপাতালের বিছানায় শুয়ে থাকতে দেখা গিয়েছে। তার পরনে সার্ভিকাল কলার ছিল। এবং তাঁর মুখেও আঘাতের চিহ্ন স্পষ্ট ছিল। সঙ্গে গুরু লিখেছেন, ‘আমার প্রথম স্টান্ট, আমার প্রথম আঘাত, কিন্তু আমার সাহস অক্ষুণ্ণ রয়েছে। ‘শৌনকি সর্দার’ সিনেমার সেটের একটি স্মৃতি রয়ে যাবে। অ্যাকশন করা খুবই কঠিন কাজ, কিন্তু আমি আমার দর্শকদের জন্য কঠোর পরিশ্রম করব।’ গুরুর দুর্ঘটনার খবর জানার সঙ্গে সঙ্গেই ভক্তরা উদ্বিগ্ন হয়ে পড়েন এবং তার দ্রুত আরোগ্য কামনা করেন। এর বাইরেও কিছু চলচ্চিত্র তারকা মন্তব্য করেছেন।
অনুপম খের লিখেছেন, ‘তুমিই সেরা।’ তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠো। ম্রুণাল ঠাকুর লিখেছেন, “কী।” এই মন্তব্যের সঙ্গে তিনি একটি চমকপ্রদ ইমোজিও পোস্ট করেছেন। মিকা সিংও গুরুর দ্রুত আরোগ্য কামনা করে লিখেছেন, ‘শীঘ্রই সুস্থ হয়ে উঠুন’। শৌনকি সর্দার’ ছবিটি আগামী বছর মুক্তি পাবে। এতে গুরু রন্ধাওয়ার পাশাপাশি অভিনয় করেছেন নিমরত আহলুওয়ালিয়া। ছবিটি প্রেম, আনুগত্য এবং সংস্কৃতির একটি হৃদয়গ্রাহী গল্প। এটি প্রযোজনা করছে গুরু রন্ধাওয়ার নিজস্ব প্রযোজনা সংস্থা ৭৫১ ফিল্মস। ছবিটি পরিচালনা করছেন ধীরজ রতন।