নিজস্ব প্রতিনিধি: আবারও চাঁদের পাহাড় রিলিজ করছে। আগামী ২০ সেপ্টেম্বর রাজ্যের প্রেক্ষাগৃহগুলিতে মুক্তি পাচ্ছে দেব অভিনীত ‘চাঁদের পাহাড়’। শুক্রবারেই জব্বর খবরটা দিয়ে সকলকে অবাক করলেন তারকা সাংসদ দেব। দিন কয়েক আগেই অভিনেতার আসন্ন রিলিজ ‘টেক্কা’ এবং ‘খাদান’-এর পোস্টার এবং টিজার রিলিজ করেছে। এর মধ্যেই আরেকটি খুশির খবর দিলেন দেব। ২০১৩ সালে মুক্তি পেয়ে বক্স অফিসে হইচই ফেলে দিয়েছিল ‘চাঁদের পাহাড়’। বলা চলে, দেবের কেরিয়ারের টার্নিং পয়েন্ট এই ছবির হাত ধরেই। যে ছবিতে প্রথমবার নিজেকে একেবারে অন্যভাবে পর্দায় মেলে ধরেছিলেন দেব।
সেই ছবিই আবার মুক্তি পেতে চলেছে। কমলেশ্বর মুখোপাধ্যায় ছিলেন এই ছবির পরিচালক। আবারও দেবের সেই ম্যাজিক ফুটে উঠবে ২০ সেপ্টেম্বর। ফের মুক্তি পাচ্ছে ‘চাঁদের পাহাড়’। ২০১৩ সালের পর ২০২৪ সাল, মাঝে প্রায় ১৩ বছরের ব্যবধান। এ কটা বছরে, সিনেমার স্টাইল পাল্টে ফেলেছেন দেব। অ্যাকশন থেকে একটু অন্য অবতারের ছবি করছেন দেব। নিজেকে ভেঙে নতুন নতুন অবতারে ধরা দিচ্ছেন তিনি। তাঁর অভিনীত ‘প্রজাপতি’, ‘কিশমিশ’, ‘বাঘাযতীন’, ‘গোলন্দাজ’, ‘কাছের মানুষ’ একটু অন্য ধাঁচের ছবি, যেখানে পরতে পরতে অভিনয়ের ক্যালমা দেখিয়েছেন অভিনেতা। তবে আগামী ‘টেক্কা’ ও ‘খাদান’ ছবিতেও দেবকে দেখা যাবে একেবারেই নতুন অবতারে।
সম্প্রতি নিজের প্রযোজনা সংস্থার তরফ থেকে একটি রিল পোস্ট করে অনুরাগীদের থেকে জানতে চাওয়া হয়েছিল যে, পুনরায় তাঁরা ‘চাঁদের পাহাড়’ বড়পর্দায় দেখবে কিনা! এই পোস্টেই বিপুল সাড়া মেলায় আজ দেব সুন্দর খবরটি ঘোষণা করলেন দেব। এবং সেই কারণে তাঁর প্রশংসায় পঞ্চমুখ দর্শক। SVF-এর সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টার শেয়ার করে লেখা হয়েছে, ‘আরও একবার, বড়পর্দায়। ২০ সেপ্টেম্বর’।