নিজস্ব প্রতিনিধি: শেয়ার বাজার নিয়ন্ত্রক সংস্থা SEBI বলিউড অভিনেতা ‘সার্কিট’ আরশাদ ওয়ারসি, তাঁর স্ত্রী এবং তাঁর ভাইকে এক বছরের জন্য সিকিউরিটিজ মার্কেট থেকে নিষিদ্ধ করেছে। অভিনেতা ছাড়াও, SEBI আরও ৫৮ জনকে সিকিউরিটিজ বাজার থেকে নিষিদ্ধ করেছে। তাঁদের বিরুদ্ধে অভিযোগ, অভিনেতা-সহ ৫৮ জন অভিযুক্ত সিকিউরিটিজ বাজারে প্রতারণামূলক কার্যকলাপের সঙ্গে যুক্ত। তবে ১ বছরের নিষেধাজ্ঞার পাশাপাশি, SEBI কিছু অভিযুক্তের উপর ৫ লক্ষ টাকা জরিমানাও আরোপ করেছে। সর্বমোট ১.০৫ কোটি টাকার অবৈধ উপার্জন বাজেয়াপ্ত করার নির্দেশ দিয়েছে। সেবি জানিয়েছে যে, অভিযুক্ত ব্যক্তিরা সাধনা ব্রডকাস্ট লিমিটেডের (SBL) শেয়ারের সঙ্গে কারচুপি করেছেন। এমনকী ব্যক্তিরা যথেচ্ছভাবে কোম্পানির শেয়ারের দাম বাড়িয়ে মার্কেটে বেশি দামে বিক্রি করেছে।
এমন অভিযোগ ফাঁস হওয়ার পরেই অভিনেতা আরশাদ ওয়ারসি-সহ ৫৮ জনের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হয়েছে। জানা যায় আরশাদ ওয়ারসি, তার স্ত্রী এবং তার ভাইয়ের প্রত্যেকের কাছে ২৫ লক্ষ টাকা করে হস্তান্তর করার পরিকল্পনা করেছিলেন। তবে তাঁদের মধ্যে বড় সুবিধাভোগী হলেন গৌরব গুপ্ত, যিনি পাম্প এবং ডাম্পের মাধ্যমে ১৮.৩৩ কোটি টাকা আয় করেছেন বলে অভিযোগ রয়েছে। এছাড়া সাধনা বায়ো অয়েলস প্রাইভেট লিমিটেডও ৯.৪১ কোটি টাকা লাভ করেছে। SEBI তার নিয়ন্ত্রক প্রতিক্রিয়ার অংশ হিসেবে এই অবৈধ লাভ ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছে। সেবি অভিযুক্তদের বিরুদ্ধে বিভিন্ন ধরণের জরিমানা আরোপ করেছে, যার মধ্যে মণীশ মিশ্রের উপর ৫ কোটি টাকা জরিমানা রয়েছে। গৌরব গুপ্ত-সহ আরও অনেকের উপর ২ কোটি টাকা করে জরিমানা করা হয়েছে। যতীন মনুভাই শাহকে ১ কোটি টাকা জরিমানা করা হয়েছে। অর্জিত মুনাফা ফেরত দেওয়ার পাশাপাশি তাঁদের বিরুদ্ধে এই জরিমানাও আরোপ করা হয়েছে।
জালিয়াতি কীভাবে চলছিল?
‘পাম্প অ্যান্ড ডাম্প’ প্রকল্পের মাধ্যমে প্রোমোটাররা তাদের শেয়ার বিক্রি করার আগে SBL-এর শেয়ারের দাম কৃত্রিমভাবে বাড়ানোর জন্য বিভ্রান্তিকর YouTube ভিডিও প্রকাশ করেছিল। ৮ মার্চ ২০২২ থেকে ৩০ নভেম্বর ২০২২ পর্যন্ত চলমান SEBI তদন্তে এই প্রতারণামূলক কার্যকলাপের সম্পূর্ণ বিবরণ দেওয়া হয়েছে। SEBI একটি অর্থপ্রদানকারী বিপণন প্রচারণা র অংশ হিসেবে পাঁচটি YouTube চ্যানেলও উদ্ধার করেছে। যেখানে মিথ্যা জিনিস প্রচার করা হত। যাতে অজানা বিনিয়োগকারীদের আকৃষ্ট করা যায়। এই পাঁচটি ইউটিউব চ্যানেল হল, দ্য অ্যাডভাইজার, মিডক্যাপ কলস, প্রফিট যাত্রা, মানিওয়াইজ এবং ইন্ডিয়া বুলিশ – যারা ভুল তথ্য ছড়াত। এই চ্যানেলগুলি SBL-এর প্রতারণামূলক প্রচারণায় ভূমিকা পালন করেছিল, যার ফলে জড়িতদের সম্পৃক্ততা আরও বৃদ্ধি পেয়েছিল। SEBI-এর চূড়ান্ত আদেশে সাত ব্যক্তির উপর পাঁচ বছরের নিষেধাজ্ঞা এবং আরও ৫৪ জনের উপর এক বছরের নিষেধাজ্ঞা অন্তর্ভুক্ত রয়েছে।