নিজস্ব প্রতিনিধি, পটনা: রবিবার কংগ্রেসের জাতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়্গে বোমা ফাটিয়েছেন। তিনি ভারতের ৭৯ তম স্বাধীনতা দিবসের বক্তৃতায় রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (আরএসএস) এর প্রশংসা করার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির তীব্র সমালোচনা করেছেন। খাড়্গে বলেছেন আরএসএস ভারতের স্বাধীনতা সংগ্রামের বিরোধী ছিলেন। শুধু তাই নয়, দেশের স্বাধীনতা আন্দোলনের সময় আরএসএসের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন খাড়গে, জিজ্ঞাসা করেন যে সেই সময়ে তাদের কতজন সদস্য জেলে গিয়েছিলেন।
সাসারামে ‘ভোটার অধিকার সমাবেশে’ ভাষণ দিতে গিয়ে খাড়্গে বলেন, “আমাদের স্বাধীনতার জন্য যারা লড়াই করেছেন তাঁরা সকলেই আমাদের ভোট দেওয়ার অধিকার দিয়েছেন। আজ, প্রধানমন্ত্রী মোদি লাল কেল্লা থেকে সেই অধিকারকে চ্যালেঞ্জ জানাচ্ছেন… আরএসএস দেশের স্বাধীনতার বিরুদ্ধে ছিল। তারা মহাত্মা গান্ধিকে তাঁর লোকদের থেকে আলাদা করেছিল… কতজন আরএসএসের লোক জেলে গিয়েছিল বা ফাঁসিতে ঝুলেছিল?… যদি প্রধানমন্ত্রী মোদি লাল কেল্লা থেকে এমন লোকদের নাম নেন, তাহলে আজ আমাদের স্বাধীনতার জন্য যারা লড়াই করেছেন তাঁদের আত্মা কী বলবে?” তিনি আরও সতর্ক করে বলেন যে প্রধানমন্ত্রী মোদির নেতৃত্বে জনগণের গণতান্ত্রিক অধিকার, ভোট, এমনকি সংবিধানও ঝুঁকির মধ্যে রয়েছে। “তিনি খুবই বিপজ্জনক মানুষ। যদি না আপনি তাকে ক্ষমতা থেকে সরিয়ে দেন, তাহলে আপনার ভোট, অধিকার, স্বাধীনতা, এমনকি সংবিধানও নিরাপদ থাকবে না,” রাখ ঢাক না করেই বলেছেন খাড়্গে।
একই সমাবেশে, রাষ্ট্রীয় জনতা দলের নেতা তেজস্বী যাদবও নির্বাচন কমিশন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে ভোটার তালিকা থেকে মানুষের নাম কেটে দেওয়ার ‘ষড়যন্ত্র’ চালিয়ে বিহারের জনগণকে প্রতারণা করার চেষ্টা করার অভিযোগ করেন। তিনি বলেন, “নরেন্দ্র মোদি বিহারের যুবকদের জীবন ধ্বংস করার জন্য বদ্ধপরিকর। কিন্তু আমাদের রাজনীতি সকলকে চাকরি দেওয়ার বিষয়ে। আজ সেই কারণেই আমরা এখানে রয়েছি। নির্বাচন কমিশন, মোদি, দুর্বল ভাববেন না।”
বিহারের সাসারাম থেকে কংগ্রেস একটি বিশাল ‘ভোট অধিকার যাত্রা’র সূচনা করে। এই যাত্রার কারণ নির্বাচনমুখী রাজ্যে চলমান বিশেষ নিবিড় সংশোধন (SIR) প্রক্রিয়া নিয়ে নির্বাচন কমিশনকে নিশানা করা। বিহারে মহাগাঠবন্ধন নামে পরিচিত বিরোধী দল অভিযোগ করেছে যে এসআইআর ভোটার তালিকা থেকে বৈধ ভোটারদের নাম মুছে ফেলার একটি প্রচেষ্টা।