নিজস্ব প্রতিনিধি, পটনা: চলতি বছরের শেষের দিকেই বিহার বিধানসভার নির্বাচন। শাসক এনডিএ ও বিরোধী মহাজোটের তরফ থেকে ভোটে বাজিমাত করতে রণকৌশল সাজানো শুরু হয়েছে। তার মাজেই এনডিএ’কে জোর ধাক্কা দিলেন প্রয়াত কেন্দ্রীয় মন্ত্রী তথা দলিতদের অন্যতম মসিহা হিসাবে পরিচিত রামবিলাস পাসোয়ানের ভাই পশুপতি কুমার পারশ। আজ সোমবার (১৪ এপ্রিল) তিনি রাখঢাক না রেখে জানিয়ে দিয়েছেন, ‘এনডিএ’র সঙ্গে তাঁর রাষ্ট্রীয় লোক জনশক্তি পার্টির আর কোনও সম্পর্ক নেই।’ সেই সঙ্গে তিনি এও জানিয়েছেন, ‘যারা তাঁদের দলকে যোগ্য সম্মান দেবে, সেই শিবিরের সঙ্গেই হাত মেলানো হবে।’ রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন, এনডিএ ছেড়ে রাষ্ট্রীয় জনতা দল (আরজেডি) নেতৃত্বাধীন মহাজোটে সামিল হতে পারেন পশুপতি।
২০২৪ সালের লোকসভা ভোটে বিহারে আসন সমঝোতায় পশুপতি পারশের দল রাষ্ট্রীয় লোক জনশক্তি পার্টিকে একটি আসনও ছাড়েনি বিজেপি শীর্ষ নেতৃত্ব। উল্টে রামবিলাস পুত্র চিরাগ পাসোয়ানকে পাঁচটি আসন ছেড়েছিল। বিজেপি নেতৃত্বের ওই আচচরণে ক্ষুব্ধ হয়ে লোকসভা ভোটের আগেই কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে ইস্তফা দিয়েছিলেন পশুপতি পারশ। এমনকি এনডিএ’র সঙ্গেও দুরত্ব বজায় রেখে চলছিলেন।
বাবা সাহেব ভীমরাও আম্বেদকরের জন্মজয়ন্তীতে পটনার বাপু সভাঘরে এক অনুষ্ঠানে এদিন বিজেপি নেতৃত্ব এবং রাজ্যের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারকে এক হাত নিয়েছেন পশুপতি পারশ। বিজেপি নেতৃত্বকে দলিত বিরোধী আখ্যা দেওয়ার পাশাপাশি নীতীশ কুমারকে দুর্নীতিবাজ হিসাবেও আখ্যা দিয়েছছেন। প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীর কথায়, ‘বিহারের বর্তমান সরকার একজন অসুস্থের নেতৃত্বে চলছে। রাজ্যে আইনশৃঙ্খলা বলে কোনও কিছু আর অবশিষ্ট নেই। রাজ্যে কর্মসংস্থানের ব্যবস্থা না থাকায় গরিব মানুষদের পরিযায়ী শ্রমিক হিসাবে কাজ করতে ভিন রাজ্যে পাড়ি জমাতে হচ্ছে। শিক্ষা ব্যবস্থা ভেঙে চৌপাট হয়ে গিয়েছে।’