নিজস্ব প্রতিনিধি, লখনউ: যোগী রাজ্যে ফের জোড়া খুন। ছয় বছরের শিশু সন্তান ও মাকে গলা কেটে নৃশংসভাবে খুন করেছে দুষ্কৃতীরা। ওই ঘটনায় রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। কোনও পারিবারিক শত্রুতার জেরে এই জোড়া খুন কিনা, তা জানতে নিহতদের পরিজনের সঙ্গে কথা বলছেন তদন্তকারীরা। পাশাপাশি অপরাধীদের ধরতে বিশেষ চিরুনি তল্লাশি শুরু করেছে পুলিশ। যদিও প্রতিবেদন প্রকাশ পর্যন্ত কোনও অপরাধীকে গ্রেফতার করা যায়নি।
পুলিশ জানিয়েছে, জোড়া খুনের ঘটনাটি ঘটেছে লখনউয়ের মালিহাবাদের ইশাপুরে। বৃহস্পতিবার সকালে প্রকাশ কনোজিয়ার বাড়িতে কোন্ সাড়া শব্দ না পেয়ে সন্দেহ হয় প্রতিবেশিদের। এর পরেই বেশ কয়েকজন প্রকাশের বাড়ির দরজার কড়া নাড়েন। একাধিকবার কড়া নড়া সত্বেও কোনও সাড়া শব্দ না মেলায় দরজা ভেঙে ঘরের ভিতরে ঢোকেন তাঁরা। আর ঘরের ভিতরে ঢুকেই বাকরুদ্ধ হয়ে পড়েন তারা। ঘরের মেঝেতে ছড়িয়ে ছিটিয়ে ছিল গৃহকর্ত্রী গীতা কানোজিয়া (২৫) ও তার ৬ বছরের শিশু সন্তান দীপিকার গলা কাটা দেহ। রক্তে ভেসে গিয়েছিল গোটা ঘরের মেঝে।
সম্বিৎ ফিরে পেয়েই পুলিশকে মা-মেয়ের খুনের বিষয়টি জানান স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান লখনউ পুলিশ কমিশনারেটের পশ্চিমাঞ্চলের ভারপ্রাপ্ত ডেপুটি কমিশনার-সহ পদস্থ পুলিশ কর্মীরা। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। খুনের আগে গীতা ও তার মেয়ের ওপরে কোনও যৌন নির্যাতন চলানো হচ্ছিল কিনা, তা জানতে ময়নাতদন্তের রিপোর্টের জন্য অপেক্ষা করছেন তদন্তকারীরা।