Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

জীবনে প্রথমবার কংগ্রেসকে ভোট দিতে চলেছেন উদ্ধব ঠাকরে

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: রাজনীতি বড় বালাই। কংগ্রেস বিরোধী পরিবারে জন্ম ও বেড়ে ওঠা তাঁর। কট্টর কংগ্রেস বিরোধিতা করে গিয়েছেন কয়েক দশক ধরে। এবার সেই কংগ্রেসের প্রার্থীকেই ভোট দিচ্ছেন মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা শিবসেনা (উদ্ধব গোষ্ঠী) প্রধান উদ্ধব ঠাকরে। জীবনে এই প্রথমবার হাত প্রতীকে ভোট দেবেন বালাসাহেব ঠাকরের পুত্র।

আসলে বান্দ্রায় যে পৈতৃক বাড়িতে আস্তানা উদ্ধবের সেই মাতুশ্রী মুম্বই উত্তর মধ্য লোকসভা আসনের অন্তর্গত। বর্তমানে ওই আসনের সাংসদ বিজেপির পুনম মহাজন। কংগ্রেস, এনসিপি ও শিবসেনাকে (উদ্ধব) নিয়ে গঠিত মহা বিকাশ আগাড়ির আসন রফায় মুম্বই উত্তর মধ্য লোকসভা আসনটি কংগ্রেসের ভাগে পড়েছে। ওই আসনে কংগ্রেসের হয়ে দাঁড়িয়েছেন মহিলা কংগ্রেস নেত্রী বর্ষা একনাথ গায়কোয়াড়। ২০০৪ সালে বর্ষা দেবীর স্বামী একনাথ গায়কোয়াড় ওই আসন থেকে কংগ্রেসের হয়ে সাংসদ হিসাবে নির্বাচিত হয়েছিলেন। ২০০৯ সালে জিতেছিলেন প্রয়াত অভিনেতা তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী সুনীল দত্তের মেয়ে প্রিয়া দত্ত। এই আসন থেকে টানা পাঁচ বার সাংসদ হিসাবে নির্বাচিত হয়েছিলেন সুনীল দত্ত।

মুম্বই উত্তর মধ্য আসন অবিভক্ত শিবসেনার অন্যতম দুর্ভেদ্য ঘাঁটি ছিল। ১৯৯৯ সালে শেষ বার ওই আসন থেকে সাংসদ হিসাবে নির্বাচিত হয়েছিলেন লোকসভার প্রাক্তন অধ্যক্ষ মনোহর যোশি। ভোটাধিকার পাওয়ার পরে বরাবর শিবসেনা কিংবা জোট শরিক বিজেপি’র প্রার্থীকেই ভোট দিয়ে এসেছেন উদ্ধব ঠাকরে। এবারের ভোটে তার ব্যতিক্রম ঘটছে। কংগ্রেস প্রার্থীকে ভোট দিতে হবে তাঁকে। উল্লেখ্য আগামী ২০ মে পঞ্চম দফায় মুম্বই উত্তর মধ্য আসনে ভোটগ্রহণ হবে।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00