নিজস্ব প্রতিনিধি, শ্রীনগর: ফের ভয়াবহ দুর্ঘটনা উপত্যকায়। শনিবার অনন্তনাগ যাত্রীবোঝাই গাড়ি পড়ে মর্মান্তিকভাবে প্রাণ হারিয়েছেন একই পরিবারের আট সদস্য। তার মধ্যে পাঁচ শিশুও রয়েছে। কীভাবে ওই ভয়াবহ দুর্ঘটনা ঘটল, তা জানা যায়নি। তবে পুলিশ আধিকারিকদের অনুমান, নিয়ন্ত্রণ হারিয়েই গাড়িটি রাস্তা থেকে খাদে পড়ে গিয়েছিল।
পুলিশ জানিয়েছে, শনিবার দুপুরে কিশতওয়ার থেকে টাটা সুমো ভাড়া করে মারওয়া যাচ্ছিল মৃত যাত্রীরা। সিনথান চূড়ার কাছে ডাকসুমে আচমকাই টাটা সুমোটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা থেকে খাদে পড়ে যায়। বেশ কয়েকবার পাক খেয়ে গাড়িটি দুমড়ে-মুচড়ে যায়। বিকট শব্দ শুনে প্রথমে স্থানীয়রা ছুটে আসেন। পরে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় উদ্ধারকারী দল। দুমড়ে-মুচড়ে যাওয়া গাড়িটি থেকে আশঙ্কাজনক অবস্থায় যাত্রীদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু চিকিৎসকরা সকলকেই মৃত বলে ঘোষণা করেন। মৃতদের মধ্যে দু’জন মহিলা, এক জন পুরুষ ছিলেন। বাকিরা সকলেই শিশু। তাদের বয়স ৬ থেকে ১৬ বছর।
উপত্যকায় প্রায়শই দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে পথ দুর্ঘটনা ঘটে। তাছাড়া অতিরিক্ত গতির কারণে নিয়ন্ত্রণ হারানোর জন্য গাড়ি রাস্তা থেকে খাদে পড়ে যায়। দুর্ঘটনা রোধে পুলিশের তরফে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে। কিন্তু তাতে দুর্ঘটনায় রাশ টানা যাচ্ছে না।