নিজস্ব প্রতিনিধি, মুম্বই: ফের শিরোনামে আইআইটি। বারবার আত্মহত্যার ঘটনা ঘটছে ভারতের আইআইটি ক্যাম্পাসগুলিতে। শনিবার আইআইটি মুম্বই ক্যাম্পাসে ((ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি বোম্বে)) ২১ বছর বয়সী ছাত্র আত্মহত্যা করে বলে অভিযোগ। রাত ১:৩০ নাগাদ তিনি আইআইটি মুম্বইয়ের একটি হোস্টেলের দশ তলা থেকে লাফিয়ে পড়ে বলে অভিযোগ। নিহত ছাত্রের নাম রোহিত সিনহা। প্রাথমিক তদন্তে মনে করা হচ্ছে যে, পড়ার চাপ সহ্য করতে না পেরে রোহিত এই চরম পদক্ষেপ নিয়ে থাকতে পারেন। রোহিত দিল্লির বাসিন্দা। মেটালার্জিক্যাল সায়েন্সের চতুর্থ বর্ষের ছাত্র ছিলেন। পোয়াই পুলিশ দুর্ঘটনাজনিত কারণে মৃত্যুর একটি অভিযোগ দায়ের করেছে। মৃত আইআইটি পড়ুয়ার দেহ ময়নাতদন্তের জন্য একটি সরকারি হাসপাতালে পাঠানো হয়েছে। কোনও সুইসাইড নোট পাওয়া যায়নি। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
কিছুদিন আগেই খড়্গপুর আইআইটি ক্যাম্পাস থেকে উদ্ধার হয়েছিল পড়ুয়ার ঝুলন্ত দেহ। মৃত চন্দ্রদীপ পাওয়ার ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনায়ারিং বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন। মধ্যপ্রদেশে বাসিন্দা চন্দ্রদীপের শ্বাসনালীতে ওষুধ আটকে গিয়েছিল। ওই ছাত্র আইআইটির নেহেরু হলে থাকতেন। হস্টেলের ডি-৪০৮ নম্বর ঘরে থাকতেন তিনি। কয়েকদিন সর্দি কাশিতে ভোগার জন্য খাবার খেয়ে ওষুধ খেয়েছিলেন চন্দ্রদীপ। সেই সময়ই তাঁর শ্বাসনালীতে ওই ওষুধ আটকে যায়। ঘরে থাকা অন্য বন্ধুরাই তড়িঘড়ি তাঁকে আইআইটি ক্যাম্পাসের মধ্যে থাকা বি সি রায় কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে তাঁকে সিপিআর দেওয়া হলেও লাভ হয়নি। কর্তব্যরত চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
এর কিছুদিন আগেই আইআইটির রাজেন্দ্র প্রসাদ হল থেকে উদ্ধার হয়েছে ঋতম মণ্ডলের দেহ। সকালে তাঁর খোঁজে এসেছিল বন্ধুরা। দরজা বন্ধ থাকায় অনেকক্ষণ ডাকাডাকি করা হয়। দরজা না খোলায় সন্দেহ হয়। তাঁরাই খবর দেয় ম্যানেজমেন্টকে। খবর যায় খড়্গপুর টাউন থানায়। পুলিশ এসে দরজা ভাঙলে ভিতরে ঝুলন্ত অবস্থায় দেখা যায় ঋতমকে।