নিজস্ব প্রতিনিধিঃ লখনউয়ের রাম মনোহর লোহিয়া ন্যাশনাল ল ইউনিভার্সিটির হোস্টেলে ছাত্রীর রহস্য মৃত্যু। নিহত ওই ছাত্রী হলেন ১৯ বছরের আনিকা রাস্তোগি । বর্তমানে তিনি এলএলবির তৃতীয় বর্ষের ছাত্রী। এদিন তাকে অচেতন অবস্থায় হোস্টেলের মেঝেতে পড়ে থাকতে দেখা যায়। এরপর আনিকাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে।
জানা গিয়েছে, নিহত ওই ছাত্রী হলেন আইপিএস সন্তোষ রাস্তোগির মেয়ে। যিনি বর্তমানে দিল্লিতে এনআইএ (ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি) আইজি হিসেবে কর্মরত রয়েছেন। হোস্টেলের এক বন্ধু জানিয়েছে, ‘ কাল রাতে আনিকা ঘরে ঢুকেছিল। এরপর তাকে অনেকবার ডাকাডাকির পর খোলেনি দরজা। তাই বাধ্য হয়ে আমরা দরজা ভেঙে ঘরে ঢুকি। আর তখনই দেখি আনিকা ঘরের মেঝেতে অচেতন অবস্থায় পড়ে রয়েছে।‘
পুলিশ জানিয়েছে, মৃত্যুর কারণ এখনও স্পষ্ট নয়। দেহ ময়নাতদন্তের জন্য পাঠান হয়েছে। ওই রিপোর্ট সামনে না আসা পর্যন্ত কোন কারণ জানা যাবে না। আনিকার মৃত্যুতে বিশ্ববিদ্যালয় ও পুলিশ প্রশাসন বেশ উদ্বিগ্ন । পুলিশ বিষয়টি পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত করছে । ইতিমধ্যেই আনিকার মৃত্যুর খবর পরিবারের সকলকে জানান হয়েছে। একথায় আনিকার রহস্যজনক মৃত্যুতে হতবাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী থেকে শুরু করে অধ্যাপকেরা।