নিজস্ব প্রতিনিধি, লখনউ: সকালে ঘুম ভাঙার পরে এক কাপ চা না হলে অনেকেরই দিন শুরু হয় না। অনেকে তো দিনে একাধিকবার চা পান করার সুবাদে চা-খোর হিসাবে খ্যাতিও (কুখ্যাতিও বলতে পারেন) অর্জন করেছেন। কিন্তু যে চা পাতা ভেজানো গরম জলে চুমুক দিচ্ছেন, তা কী আদৌ আসল? নাকি তাতেও রয়েছে ভেজাল! পাথুরে বালি-বিষাক্ত রাসায়নিক মেশানো রয়েছে তাতে?
কী এ পর্যন্ত পড়ে চমকে উঠলেন নাকি? ভাবছেন চা পাতায় কী করে মেশানো হচ্ছে পাথুরে বালি ও রাসায়নিক? আসলে আপনাদের মতো যোগী রাজ্যের দুঁদে পুলিশ আধিকারিকদের চক্ষুও চড়কগাছ হয়ে গিয়েছিল এক ভেজাল চা পাতা তৈরির কারখানায় হানা দেওয়ার পরে। দীর্ঘদিন ধরেই লখনউয়ের ফজুল্লাগঞ্জের ওই কারখানায় তৈরি হচ্ছিল নকল চা পাতা। পাথুরে বালি-রাসায়নিক সহ আরও বেশ কিছু জিনিস মিশিয়ে তৈরি ওই চা পাতা নামী-দামী ব্র্যান্ডের মোড়কে ভরে বাজারজাত করছিলেন কারখানার মালিক। গোপন সূত্রে খবর পেয়ে খাদ্য বিভাগ ও স্পেশাল টাস্ক ফোর্সের যৌথ দল কারখানাটিতে হানা দিয়েছিলেন। আর কারখানায় হানা দিয়ে বিভিন্ন নামী-দামী সংস্থার বিখ্যাত চা পাতার মোড়ক, পাথুরে বালি ও রাসায়নিক বাজেয়াপ্ত করেছেন। সেই সঙ্গে বেশ কয়েক কুইন্টাল নকল চা পাতাও বাজেয়াপ্ত করেছেন।
খাদ্য দফতর ও এসটিএফের যৌথ বাহিনী কারখানার মালিক ও বেশ কয়েকজন কর্মচারিকে আটক করেছেন। জেরায় কারখানার মালিক জানিয়েছেন, নকল চা পাতা বিভিন্ন নামী-দামী সংস্থার নকল প্যাকেটে ভরে লখনউ এবং আশেপাশের বিভিন্ন জেলায় সরবরাহ করা হতো। বেশি লাভের বিষয়টি মাথায় রেখেই ভেজাল চা পাতা তৈরির ধান্দা শুরু করেছিলেন।