নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: ফের বাংলা ভাগের পক্ষে সওয়াল বিজেপি সাংসদের। তবে এবার রাজ্যের কোনও বিজেপি সাংসদ নন, বাংলা ভাগের সওয়াল করলেন ‘গুন্ডামি’তে’ অভিযুক্ত ঝাড়খণ্ডের গোড্ডার সাংসদ নিশিকান্ত দুবে। বৃহস্পতিবার লোকসভায় দাঁড়িয়ে তিনি বাংলার তিন জেলা মালদা, মুর্শিদাবাদ জেলাকে নিয়ে আলাদা কেন্দ্রশাসিত অঞ্চল গঠনের দাবি জানিয়েছেন। ওই কেন্দ্রশাসিত অঞ্চলে বিহারের কিসানগঞ্জ, আরারিয়া ও কাটিহারকেও যুক্ত করতে বলেছেন।
‘গুন্ডামি’তে অভিযুক্ত বিজেপির গোড্ডার সাংসদের বঙ্গভঙ্গের দাবির সমালোচনা করেছেন তৃণমূল কংগ্রেসের বর্ষীয়ান সাংসদ সৌগত রায়। মালদা ও মুর্শিদাবাদ জেলা নিয়ে আলাদা কেন্দ্রশাসিত অঞ্চলের দাবিকে পাগলের প্রলাপ হিসাবে আখ্যা দিয়ে তিনি বলেছেন, ‘বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলছেন, উত্তরবঙ্গকে আলাদা করতে হবে। গোড্ডার বিজেপি সাংসদ বলছেন, মুসলিম জেলাকে আলাদা করতে হবে। এগুলো বাংলাকে ভাগ করার চক্রান্ত। আমরা এ সব হতে দেব না।’
এদিন লোকসভার জিরো আওয়ারে বাংলা ও বিহারের পাঁচ জেলায় বাংলাদেশি অনুপ্রবেশকারীদের কারণে জনবিন্যাস বদলে যাচ্ছে বলে অভিযোগ করেন গোড্ডার সাংসদ নিশিকান্ত দুবে। এর পরেই তিনি দাবি করেন, ‘পশ্চিমবঙ্গের মালদা ও মুর্শিদাবাদ এবং বিহারের কিসানগঞ্জ, কাটিহার ও আরারিয়াকে কেন্দ্রশাসিত অঞ্চল ঘোষণা করে এনআরসি কার্যকরের উদ্যোগ নিক কেন্দ্র।’ লোকসভা থেকে তৃণমূল কংগ্রেসের সাংসদ মহুয়া মৈত্রের সদস্যপদ খারিজের অন্যতম হোতা নিশিকান্ত আরও অভিযোগ করেন, ‘মুর্শিদাবাদ এবং মালদহ থেকে লোক এসে হিন্দুদের উপরে অত্যাচার চালাচ্ছে। ঝাড়খণ্ড পুলিশ কোনও কাজ করছে না। পাঁচ জেলাকে নিয়ে কেন্দ্রশাসিত অঞ্চল গঠন করা না হলে হিন্দু আর থাকবে না। এনআরসি চালু করুন। কিছু করতে না পারলে আগে কমিটি পাঠান।’