Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

‘হস্তক্ষেপ না করলে ভারত-পাকিস্তান যুদ্ধ বেঁধে যেত’, ফের বোমা ফাটালেন ট্রাম্প

Share:

নিজস্ব প্রতিনিধি, ওয়াশিংটন: পহেলগাঁওয়ে জঙ্গি হামলার বদলা নিতে গত ৭ মে পাক ও পাক অধিকৃত কাশ্মীরের মাটিতে ‘অপারেশন সিঁদুর’ অভিযান চালিয়েছিল ভারতীয় সেনা। ওই ‘অপারেশন সিঁদুর’ নিয়ে সোমবার (২৮ জুলাই) থেকে লোকসভায় শুরু হয়েছে বিশেষ আলোচনা। সেই আলোচনা চলার মাঝেই ফের ভারত-পাক যুদ্ধ বন্ধ নিয়ে বড়সড় বোমা ফাটালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর দাবি ‘ভারত-পাকিস্তানের সঙ্ঘাতের সময়ে মার্কিন যুক্তরাষ্ট্র যদি হস্তক্ষেপ না করত এবং বাণিজ্য বন্ধের হুমকি না দিত, তাহলে এখনও দুই দেশের মধ্যে যুদ্ধ চলত।’ মার্কিন প্রেসিডেন্টের ওই মন্তব্য কংগ্রেস সহ বিরোধীদের হাতে মোদি সরকারকে আক্রমণের নয়া অস্ত্র তুলে দিল বলেই মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা। যদিও শাসকদল বিজেপি কিংবা বিদেশ মন্ত্রকের তরফে এখনও এ বিষয়ে কোনও প্রতিক্রিয়া জানানো হয়নি।

এদিন লোকসভায় ‘অপারেশন সিঁদুর’ নিয়ে আলোচনার সময়ে বিরোধীদের প্রশ্নবাণে জর্জরিত হয়ে বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর দাবি করেন, ‘ভারত-পাকিস্তানের মধ্যে সঙ্ঘাত বন্ধে আমেরিকা কোনও মধ্যস্থতা করেনি।’ সেই সঙ্গে তিনি এও জানান, ‘পহেলগাঁও হত্যাকাণ্ডের পর ডোনাল্ড ট্রাম্প প্রধানমন্ত্রীকে ফোন করে দুঃখপ্রকাশ করেছিলেন। তার পর ১৭ জুন পর্যন্ত প্রধানমন্ত্রীর সঙ্গে মার্কিন প্রেসিডেন্টের কোনও কথা হয়নি। তবে ১০ মে আমরা একটা ফোন পেয়েছিলাম। আমাদের জানানো হয়েছিল, পাকিস্তান সংঘর্ষবিরতিতে রাজি। আমরা বলেছিলাম, ডিজিএমও চ্যানেলে এ কথা বলুক পাকিস্তান। আমেরিকার সঙ্গে কোনও আলোচনাতেই বাণিজ্য নিয়ে কথা হয়নি।’

কিন্তু এস জয়শঙ্কর মার্কিন হস্তক্ষেপের অভিযোগ নস্যা‍ৎ করে দেওয়ার কয়েক ঘন্টার মধ্যেই ফের একবার ভারত-পাক সঙ্ঘাত বন্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতার বিষয়ে নিজের পুরনো বক্তব্য নতুন করে উত্থাপন করেন ট্রাম্প। স্কটল্যান্ডে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে বৈঠকের আগে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময়ে এক প্রশ্নের জবাবে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘আমি ভারত-পাকিস্তান সহ ছয়টি যুদ্ধ বন্ধ করিয়েছি। আমি যদি সময়মতো সমস্ত বাণিজ্য আলোচনা বন্ধের হুমকি দিয়ে হস্তক্ষেপ না করতাম, তাহলে ভারত ও পাকিস্তানের মধ্যে পুরোদস্তুর যুদ্ধ হতো।’

ভারত ও পাকিস্তানের শাসকরা কেন তাঁর মধ্যস্থতা মেনে নিলেন তা জানতে চাওয়া হলে ট্রাম্প বলেন, ‘আমি পাকিস্তান ও ভারতের নেতাদের চিনি। আমি (তাদের) খুব ভাল করেই জানি। আমি তাদের পরিস্কার ভাষায় বলেছিলাম, যদি তোমরা যুদ্ধ করতে যাও, তাহলে আমি তোমাদের সাথে কোনও বাণিজ্য চুক্তি করব না। তোমাদের যুদ্ধ অন্যান্য দেশে ছড়িয়ে পড়বে, তোমাদের কোনও পারমাণবিক অস্ত্র আর অবশিষ্ট থাকবে না। যা পড়ে থাকবে তা হচ্ছে পারমাণবিক ধুলো। আমরা সকলেই পারমাণবিক ধুলো পাবো।’

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00