নিজস্ব প্রতিনিধি : ফের বন্দুকবাজের হামলা আতঙ্ক মার্কিন মুলুকে। ফ্লরিডার এক বিশ্ববিদ্যালয়ে বন্দুকবাজের এলোপাথাড়ি ছোঁড়া গুলিতে প্রাণ হারিয়েছে ২জন। গুরুতর জখম হয়েছেন ৫ জন। গুরুতর আহত অবস্থায় তাঁদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। পাশাপাশি পুলিশ এবং নিরাপত্তাবাহিনীর গুলিতে জখম হয়েছেন বছর কুড়়ির বন্দুকবাজও। সূত্রের খবর, অভিযুক্ত যুবক ওই বিশ্ববিদ্যালয়েরই প্রাক্তন পড়ুয়া। স্থানীয় ডেপুটি শেরিফের ছেলে সে। পুলিশের প্রাথমিক ধারনা, মায়ের পুরনো বন্দুক দিয়েই গুলি চালিয়েছেন অভিযুক্ত।
স্থানীয় প্রশাসন সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত তরুণের নাম ফিনিক্স ইকনার। কেন তিনি হঠাৎ গুলি চালালেন, তা এখনও স্পষ্ট নয়। শুধু জানা গিয়েছে যে, শেরিফের দফতরে বিশেষ প্রশিক্ষণ নিচ্ছিলেন তিনি। সে দিক থেকে দেখলে আগ্নেয়াস্ত্র তাঁর হাতে যাওয়া অস্বাভাবিক ঘটনা নয়। পুলিশের গুলিতে আহত হয়ে অভিযুক্ত বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। তাঁর শারীরিক পরিস্থিতি নিয়ে এখনও পর্যন্ত কিছু জানা যায়নি।
বৃহস্পতিবার দুপুরে গুলি চলার পরেই বিশ্ববিদ্যালয়ের পঠনপাঠন সাময়িক ভাবে বন্ধ করে দেওয়া হয়। পড়ুয়াদের নিরাপদ জায়গায় আশ্রয় নিতে বলা হয়। সংবাদমাধ্যম সিএনএন-এর তরফে প্রকাশিত একটি ভিডিয়ো ফুটেজে দেখা গিয়েছে, এক তরুণ বিশ্ববিদ্যালয় চত্বরের দিকে হেঁটে যাচ্ছেন। তাঁর হাতে বন্দুক। যাঁরা পালানোর চেষ্টা করছেন, তাঁদের দিকেই এলোপাথাড়ি গুলি ছুড়ছেন ওই বন্দুকবাজ। জানা গিয়েছে, অভিযুক্ত যুবক ওই বিশ্ববিদ্যালয়েরই প্রাক্তন পড়ুয়া। তবে কীসের জেরে এই ঘটনা বিস্তারিতভাবে তদন্ত করছে স্থানীয় পুলিশ প্রসাশন। তবে বর্তমানে সে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ভর্তি রয়েছে বলেই খবর।
পুলিশের তরফে জানা গিয়েছে, গুলিবিদ্ধ হয়ে যে দু’জনের মৃত্যু হয়েছে, তাঁরা বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া নন। এর বেশি আর কিছু জানাতে চায়নি পুলিশ। প্রসঙ্গত, আমেরিকায় বন্দুকবাজের হামলা নতুন নয়। আগেও সেখানকার একাধিক জায়গায় বন্দুকবাজের গুলিতে প্রাণ হারিয়েছেন বহু মানুষ।