নিজস্ব প্রতিনিধি, ঢাকা: ‘রিল’ বানানোর মারণ নেশা জাঁকিয়ে বসছে যুব সমাজে। আর ওই রিল বানাতে গিয়ে জীবনের ঝুঁকি নিয়েই চলন্ত ট্রেনের ছাদে উঠেছিলেন চার তরুণ। রিল বানানোর সময়ে পড়ে গিয়ে প্রাণ হারালেন দুজন। বাকি দুজন আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি। আজ বুধবার (২ এপ্রিল) মর্মান্তিক টনাটি ঘটেছে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার মোগড়া রেলওয়ে সেতু এলাকায়।। নিহত দুই তরুণ হলেন, কুমিল্লার দেবীদ্বার উপজেলার বাসিন্দা কাইয়ুম মিয়া (২২) ও কসবা উপজেলার বাসিন্দা তারেক মিয়া (২০)। আহত দুজন হলেন ইকরাম হোসেন (১৮) ও কসবার বিল্লাল মিয়া (২৫)। তাঁদের বিস্তারিত পরিচয় জানা যায়নি।
রেলওয়ে পুলিশের তরফে জানানো হয়েছে, এদিন সকাল এগারোটা নাগাদ চট্টগ্রাম থেকে ছেড়ে আসা সিলেটগামী পাহাড়িকা এক্সপ্রেস আখাউড়ার গঙ্গাসাগর রেলস্টেশন অতিক্রম করে। ট্রেনটি আখাউড়ার মোগড়া রেলওয়ে সেতু এলাকায় পৌঁছলে ট্রেনের যাত্রীবাহী বগির ছাদে থাকা চার তরুণ উঠে দাঁড়ান এবং ভিডিও বানাতে শুরু করেন। তিন তরুণ মিলে একজনের ভিডিও করছিলেন। সেই সময় রেললাইনের ওপর দিয়ে যাওয়া তারে জড়িয়ে তাঁরা ট্রেনের ছাদ থেকে রেললাইনের পাশে পড়ে যান। ঘটনাস্থলেই মৃত্যু হয় কাইয়ুমের। বাকি তিনজনকে উদ্ধার করে স্থানীয় বাসিন্দারা আখাউড়া উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান। সেখানকার চিকিৎসকরা অবস্থা সঙ্কটজনক হওয়ায় তিনজনকেই ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে স্থানান্তরিত করেন। হাসপাতালে নেওয়ার পথে তারেক নামে অন্য এক তরুণের মৃত্যু হয়।
ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের দুই চিকিৎসক গোপা পাল ও সানজিদা হক জানিয়েছেন ‘টিকটকের জন্য ভিডিও বানাতে চার তরুণ ট্রেনের ছাদে চড়েছিলেন। সেখান থেকে আচমকা পড়ে যান তারা। আহত দুজনকে হাসপাতালে আনা হয়েছিল। একজনের মাথার খুলিতে ও আরেকজন গলায় ডিশ লাইনের তারের জখম রয়েছে। দুজনের অবস্থা সঙ্কটজনক। উন্নত চিকিৎসার জন্য তাঁদের ঢাকায় পাঠানো হয়েছে।