নিজস্ব প্রতিনিধি, সামশেরগঞ্জ: মুর্শিদাবাদের সামসেরগঞ্জে ভয়াবহ পথ দুর্ঘটনা। মঙ্গলবার রাতে বাইক নিয়ে যাওয়ার পথে জাতীয় সড়কে এক শিশু সহ চারজনকে পিষে দিল ডাম্পার। মঙ্গলবার রাত আটটা নাগাদ এই ঘটনায় ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয় সামসেরগঞ্জের(Samsherganj) ডাকবাংলা জামিয়া কাটানে। দুর্ঘটনায় ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে তিনজনের। গুরুতর জখম অবস্থায় হাসপাতালে আরো একজন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় সামসেরগঞ্জ থানার(Samsherganj Police Station) বিশাল পুলিশ বাহিনী। বাইক নিয়ে ডাকবাংলা দিক থেকে ফারাক্কার দিকে যাবার পথেই পেছন থেকে ধাক্কা মেরে পিষে দেয় ঘাতক ডাম্পারটি(Dumper)।
ইতিমধ্যেই ঘাতক ডাম্পারটিকে আটক করেছে পুলিশ। চালক পলাতক। ঘটনার পর ক্ষিপ্ত মানুষজন রাস্তা অবরোধ করে। দীর্ঘক্ষণ অবরোধ চলে। পরে পুলিশের সঙ্গে দফায় দফায় দীর্ঘ আলোচনায় অবরোধ প্রত্যাহার করে নেন ক্ষুব্ধ মানুষজন। ঈদের উৎসবের দ্বিতীয় দিনে এই মর্মান্তিক পথ দুর্ঘটনায় শোকের ছায়া নেমে আসে সামশেরগঞ্জের ওই এলাকায়। স্থানীয় মানুষের অভিযোগ ওই রাস্তা দিয়ে প্রতিনিয়ত ডাম্পার গুলি দ্রুতগতিতে যাতায়াত করে। ট্রাফিক পুলিশের নজরদারি আরো জোরদার করার দাবি জানায় সাধারণ মানুষ জন। ওই এলাকায় বেশি করে রেলিংগার্ড এবং জোরালো আলো দেওয়ার দাবি জানায় জনসাধারণ।
মুর্শিদাবাদ জেলা পুলিশ (Murshidabad District Police) সূত্রে জানা গিয়েছে ওই এলাকায় আগামী দিন দুর্ঘটনা ঢুকতে ট্রাফিক পুলিশের নজরদারি জোরদার করা হচ্ছে। স্থানীয় মানুষজন দীর্ঘক্ষণ মৃতদেহগুলিকে আটকে রেখে বিক্ষোভ দেখায়। পরে পুলিশ আলোচনার মাধ্যমে সমাধানের রাস্তা খুঁজে মৃতদেহগুলিকে সেখান থেকে সরিয়ে নেয় ।আহতকে হাসপাতালে স্থানান্তরিত করে।