নিজস্ব প্রতিনিধিঃ মাধ্যমিক পরীক্ষা শুরু হতে আর দুদিন বাকি । তারআগে পরীক্ষার্থীদের নিরাপত্তার কথা মাথায় রেখে উত্তরবঙ্গের জঙ্গলে ড্রোন ওড়ালেন বনকর্মীরা । মূলত হাতির দলগুলোর ওপর নজরদারি করতেই ড্রোন এবং থার্মাল ক্যামেরা দিয়ে নজর চালাল বনদপ্তর ।
এই প্রসঙ্গে উত্তরবঙ্গ বন বিভাগের বনপাল জানিয়েছেন, যেসমস্ত জায়গায় হাতিদের করিডর রয়েছে সেখানে থাকবে বেশি নজরদারি । সেইজন্য দায়িত্ব ভাগ করে দেওয়া হয়েছে ওয়াইল্ড লাইফ স্কোয়াড এবং রেঞ্জগুলোতে । অন্যদিকে সোমবার থেকে স্পষ্টকাতর এই এলাকাগুলিতে শুরু হবে মাধ্যমিক পরীক্ষা । তাই ছাত্রছাত্রীরা যাতে নির্বিঘ্নে পরীক্ষা কেন্দ্রে পৌঁছতে পারে সেইজন্য জেলা প্রশাসনের তরফ থেকে গাড়ির ব্যবস্থা করা হয়েছে ।
২০২৫ সালে জলপাইগুড়ি জেলা থেকে মাধ্যমিক পরীক্ষা দেবে ৩৬ হাজার ৬৮৮ জন । রয়েছে ১০০টি পরীক্ষা কেন্দ্রে। তাই এইসকল কেন্দ্রে যাতে না হাতির তাণ্ডব হয় সেই দিকে বিশেষ নজর রাখছে প্রশাসন এবং বনদপ্তর । বলা বাহুল্য, ২০২৩ সালে মাধ্যমিক পরীক্ষায় হাতির হামলায় প্রাণ হারিয়েছিল জলপাইগুড়ির এক মাধ্যমিক পরীক্ষার্থী অর্জুন দাস। জঙ্গলের মধ্যে থেকে বাবার সঙ্গে বাইকে করে সে বাড়ি ফিরছিল। আর তখনই হাতির হামলা চালায় অর্জুনের ওপর । তাই এই ঘটনার যাতে না পুনরাবৃত্তি ঘটে তাই প্রশাসনের তরফ থেকে নেওয়া হচ্ছে কঠোর ব্যবস্থা ।