নিজস্ব প্রতিনিধি, মালদা:মালদহ জেলার কালিয়াচক ৩ নম্বর ব্লকের বৈষ্ণবনগর থানার ভারত-বাংলাদেশ সীমান্তের কুম্ভীরা পুলিশ ফাঁড়ি এলাকা থেকে বুধবার ২০ লক্ষ টাকার জাল নোট (Fake Currency)উদ্ধার করল পুলিশ। এর মধ্যে ৫০০ টাকার নোট ১৯ লক্ষ টাকা এবং ২০০ টাকার নোট ১ লক্ষ টাকার। গোপন সূত্রে খবর পেয়ে, পুলিশ খোসলাপাড়াতে (Khoshlapara) হানা দেয়।পুলিশের হাতে ধৃত রুবেল সেখের বাড়ির ভেতর তল্লাশি অভিযান চালিয়ে এই বিপুল পরিমাণ টাকা উদ্ধার করে।
উল্লেখ্য, বৈষ্ণবনগর থানার (Baishnabnagar P.S.)খোসলাপাড়ার রুবেল সেখ ঐ এলাকার একজন কুখ্যাত অপরাধী। পুলিশের হাতে সে ধরা পড়ার পরে তাঁকে জিঞ্জাসাবাদ করেই পুলিশ এই বিপুল পরিমাণ জাল টাকার হদিশ পেয়ে তা উদ্ধার করে। এই বিপুল পরিমাণ জাল নোট বাংলাদেশ সীমান্ত দিয়ে এ রাজ্যে নিয়ে আসা হয়েছিল বলে পুলিশ জানতে পেরেছে। এই চক্রের অন্যদের সন্ধানে পুলিশের তল্লাশি জারি রয়েছে।
জাল নোটগুলি খুব নিখুঁতভাবে ছাপানো বলে পুলিশ জানিয়েছে। এই বিপুল পরিমাণ জাল নোট কোথায় পাঠানোর পরিকল্পনা ছিল তা জানার চেষ্টা করছে পুলিশ। মালদহ সীমান্ত(Malda Border) দিয়ে চোরাচালানের অভিযোগ বারবার সামনে এসেছে। একাধিকবার জাল নোট ধরা পড়েছে। ফের বিপুল পরিমাণ জাল নোট ধরা পড়ায় চিন্তিত প্রশাসন।