নিজস্ব প্রতিনিধি, চট্টগ্রাম: বাংলাদেশে হিন্দুদের অধিকার হয়ে লড়াই করা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী ওরফে চিন্ময় প্রভুর জামিন শুনানি হওয়ার কথা আগামী মঙ্গলবার (৩ ডিসেম্বর)। আর ওই জামিন শুনানিতে যাতে কোনও হিন্দু আইনজীবী চিন্ময় প্রভুর হয়ে না লড়তে পারে তার জন্য রবিবার দুপুরের পর থেকেই রাস্তায় নেমেছে কট্টর মুসলিম মৌলবাদী সংগঠন জামায়াত ইসলামী। চট্টগ্রামে জামায়াতের আমীর শাহজাহান চৌধুরীর নেতৃত্বে জামায়াতের সন্ত্রাসীরা হিন্দু আইনজীবীদের বাড়ি ও চেম্বারে সরাসরি চড়াও হয়ে হুমকি দিয়েছে, ‘মঙ্গলবার চিন্ময়ের হয়ে লড়লে কচুকাটা করব। বাঁচতে চাইলে আদালতের ধারে-কাছে আসবি না।’ গত সোমবার (২৫ নভেম্বর) ঢাকা বিমানবন্দর থেকে গ্রেফতার করা হয় হিন্দুদের রক্ষা কর্তা তথা চট্টগ্রাম পুণ্ডরীক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে। ইউনূস সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা তথা পাকিস্তানি গুপ্তচর সংস্থার ঘোষিত এজেন্ট জাহাঙ্গীর আলম চৌধুরীর নির্দেশে মিথ্যা মামলায় দিয়ে চিন্ময প্রভুকে গ্রেফতার করে কুখ্যাত খুনি বাহিনী হিসাবে পরিচিত ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। পরের দিন মঙ্গলবার (২৬ নভেম্বর) চট্টগ্রাম আদালতে পেশ করা হয় তাঁকে। জামিন আর্জি খারিজ করে জেল আদালতে পাঠানোর নির্দেশ দেন বিচারক। সেই থেকে জেলেই সাধারণ কয়েদিদের সঙ্গে রাখা হয়েছে হিন্দু ধর্মগুরুকে।
রবিবার (১ ডিসেম্বর) সকালেই আদালতের তরফ থেকে জানানো হয়, আগামী মঙ্গলবার চিন্ময় প্রভুর জামিন আর্জির শুনানি হবে। আর ওই কথা জানার পরেই হিন্দু ধর্মগুরুর জামিন শুনানি আটকাতে নতুন করে ষড়যন্ত্র করে রাজাকার মুহাম্মদ ইউনূসের সরকার। গত মঙ্গলবার যিনি চট্টগ্রাম আদালতে চিন্ময় প্রভুর হয়ে আইনি লড়াই করেছিলেন সেই আইনজীবী শুভাশিস শর্মার বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা দায়ের করা হয়েছে। শুধু শুভাশিসবাবুই নন, আরও ৭০ হিন্দু আইনজীবীর নামে বিভিন্ন অভিযোগ এনে মামলা দায়ের করা হয়েছে। বাদ যাননি দুই হিন্দু সাংবাদিকও আয়ান শর্মা ও শুকলাল দাসের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। রবিবার রাতে সনাতনী জাগরণ মঞ্চের অন্যতম সংগঠক গৌরাঙ্গ দাস ব্রহ্মচারী অভিযোগ করেন, ‘চিন্ময় প্রভুর জামিন শুনানি আটকাতে নখদাঁত বের করে ঝাঁপিয়েছে মৌলবাদীরা। ষড়যন্ত্রমূলকভাবে ৭০ আইনজীবীর নামে মামলা দায়ের করা হয়েছে।’
একদিকে যখন ‘রাজাকার’ ইউনূসের পুলিশ হিন্দু আইনজীবীদের নামে মিথ্যা মামলা দায়ের করেছে, অন্যদিকে তখন জামায়াতের সন্ত্রাসীরা হিন্দু আইনজীবীদের চেম্বার ও বাড়িতে চড়াও হয়ে প্রাণনাশের হুমকি দিচ্ছে। গত মঙ্গলবার চিন্ময় প্রভুর ওকালত নামায় সই করার অপরাধে আইনজীবী রিগান আচার্যের চেম্বারে ঢুকে তাঁকে ব্যাপক মারধর করে। মারধরে মাথায় ব্যাপক চোট পান তিনি। শুধু রিগান আচার্যই নয়, আরও একাধিক হিন্দু আইনজীবীর চেম্বার ও বাড়িতে ভাঙচুর চালিয়েছে জামায়াতের সন্ত্রাসীরা। সেই সঙ্গে হুমকি দেওয়া হয়েছে, ‘মঙ্গলবার চিন্ময়ের জামিন শুনানিতে অংশ নিলে কচুকাটা করা হবে। পরিবারের সবাইকে লাশ বানিয়ে দেওয়া হবে।’ জামায়াত সন্ত্রাসীদের হামলার সময়ে পুলিশের কাছে সাহায্য চেয়েও পাননি আক্রান্ত হিন্দু আইনজীবীরা।
রবিবার রাতে সনাতনী জাগরণ মঞ্চের অন্যতম সংগঠক গৌরাঙ্গ দাস ব্রহ্মচারী অভিযোগ করেছেন, ‘মৌলবাদীদের হুমকির কারণে চট্টগ্রামের হিন্দু আইনজীবীরা তাদের পেশাগত দায়িত্ব পালন করতে পারছেন না। বিভিন্নভাবে হিন্দু আইনজীবীদের হুমকি দেওয়া হচ্ছে।’