নিজস্ব প্রতিনিধিঃ ফের হিমাচল প্রদেশে মেঘ ভাঙা বৃষ্টি। আর তাতে বন্ধ হল প্রায় ৫৮ টি রাস্তা। শনিবার হাওয়া অফিসের তরফে জানান হয়েছে, ২০ অগস্ট পর্যন্ত হিমাচল প্রদেশের মোট ১০ টি জেলায় জারি হয়েছে হলুদ সতর্কতা। শুক্রবার গভীর রাতের মেঘভাঙা বৃষ্টিতে ভেসে গিয়েছে শিমলার সড়ক পথ। তবে স্বস্তির বিষয় এখনও পর্যন্ত ঘটনায় হতাহতের কোনও খবর মেলেনি।
শিমলার ডেপুটি কমিশনার অনুপম কাশ্যপ জানিয়েছেন,’ মেঘভাঙা বৃষ্টির জেরে নেগুলসারি স্লাইডিং পয়েন্টের কাছে একটি রাস্তা ধসে গিয়েছে। এরজেরে শিমলা থেকে কিন্নর জেলা অবরুদ্ধ হয়ে পড়েছে। বন্ধ হয়েছে যোগাযোগ। ইতিমধ্যেই মহকুমা ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে একটি দল ঘটনাস্থলে পৌঁছেছে। শুরু হয়েছে উদ্ধারকাজ। তবে এখন কোন প্রাণহানি হয়নি।‘
মেঘ ভাঙা বৃষ্টির কারণে সিমলায় ১৯টি, মান্ডিতে ১৪টি, কাংড়ায় ১২টি, কুল্লুতে ৮টি, কিন্নৌরে ৩টি এবং সিরমৌর ও লাহুল ও স্পিতি জেলায় ১টি রাস্তা বন্ধ হয়ে গিয়েছে। বৃষ্টিপাতের ফলে ব্যাহত হয়েছে জল এবং বিদ্যুৎ সরবারহ। হিমাচলের এক আধিকারিক জানিয়েছেন, ২৭ জুন থেকে মেঘ ভাঙা বৃষ্টির ফলে ১২০ জনের মৃত্যু হয়েছে। শুধু তাই নয় ক্ষতি হয়েছে প্রায় ১,১২৯ কোটি টাকা। এই আবহে ফের শুক্রবার থেকে শুরু মেঘ ভাঙা বৃষ্টি।