Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

চন্দ্রিমাকে বাজেট পড়তে বাধা দেওয়ায় বিজেপিকে তোপ মমতার

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্য বিধানসভায় বৃহস্পতিবার অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যকে বাজেট পড়ার সময়ে বিজেপি বিধায়করা যেভাবে বাধা দিয়েছেন তাতে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিধানসভার ভিতরে যেমন বিজেপি বিধায়কদের ‘অসভ্য’ আচরণের প্রতিবাদ করেছিলেন, বিধানাসভার বাইরেও তেমনই কড়া ভাষায় নিন্দা করেছেন। তবে সঙ্গে এও জানিয়ে দিয়েছেন, বিজেপি বিধায়কদের কাছ থেকে এর চেয়ে বেশি কোনও সৌজন্য আশা করেন না তিনি।

এদিন রাজ্য বিধানসভায় চন্দ্রিমা ভট্টাচার্য বাজেট পড়া শুরু করতেই শ্লোগান দিতে শুরু করেন বিজেপি বিধায়করা। নানারকম টিকা-টিপ্পনি করতে থাকেন। বিজেপি বিধায়কদের নিজেদের আসনে বসে বাজেট শোনার অনুরোধ জানান অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। তাতেও পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসায় উঠে দাঁড়ান মুখ্যমন্ত্রী। খানিকটা ক্ষোভের সঙ্গেই তিনি বলেন, ‘আপনাদের যদি কোনও মতামত থাকে তাহলে বাজেট পেশের পরে নিশ্চয়ই জানাবেন। মনে রাখবেন  এটা আপনাদের পার্টি অফিস নয়। এটা বিধানসভা। বাংলার মানুষ দেখুক এরা কী ভাবে মানুষকে অপমান করছে।’ কিন্তু তাতেও পরিস্থিতি শান্ত হয়নি। ফের চন্দ্রিমা বাজেট পড়তে শুরু করলে বাধা দিতে থাকেন বিজেপি বিধায়করা। এবার আর মাথা ঠান্ডা রাখতে পারেননি মুখ্যমন্ত্রী। ফের উঠে দাঁড়িয়ে বলেন, ‘বাজেট নিয়ে সমালোচনা করার অধিকার সকলের আছে। কেন্দ্রীয় সরকার যখন বাজেট পেশ করে তখন আমরাও চুপ করে শুনি। তার পরে সমালোচনা করি। আপনারা বলতে দিচ্ছেন না কেন? আপনারা কি ভয় পাচ্ছেন? আমি হাত জোড় করে বলছি, নির্বিঘ্নে বাজেট পড়তে দিন। আপনারা এখানে না করতে দিলে, আমরাও পার্লামেন্টে বাজেট পড়তে দেব না। বিজেপি অ্যান্টি বাঙালি। এরা বাংলার ভালো চায় না। রাজ্যের মানুষের অধিকার রয়েছে রাজ্য কী কী করছে তা জানার। কিন্তু বিজেপি তা চাইছে না।’ ওই ধমকিতেই কাজ হয়। এর পরে তেমন বাধার মুখে পড়তে হয়নি চন্দ্রিমাকে।

বাজেট পেশের পরে প্রতিক্রিয়া জানাতে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন মুখ্যমন্ত্রী। বাজেট নিয়ে প্রতিক্রিয়া শেষে বিজেপি বিধায়কদের আচরণের প্রসঙ্গ তুলে ফের ক্ষোভ উগরে দেন তিনি। ক্ষুব্ধ কণ্ঠে বলেন, ‘একজন মহিলা অর্থমন্ত্রী বাজেট পেশ করছেন। তাঁকে লক্ষ্য করে নানা ধরনের অপমানজনক টিপ্পনি ছোড়া হয়েছে। আমিও বহুদিন সাংসদ এবং কেন্দ্রে মন্ত্রী থেকেছি। কখনও এমন বেনজির ঘটনা দেখিনি।’ এর পরেই খানিকটা ব্যঙের সুরে তিনি বলেন, ‘এদের কাছ থেকে এর চেয়ে ভাল ব্যবহার আর ভদ্রতা বোধ আশা করি না।’

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00