Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

রেড ভলান্টিয়ারদের প্রার্থী করছে বামেরা! একা চলবে কংগ্রেস

কলকাতার ১৪৪টি ওয়ার্ডে ছড়িয়ে থাকা সিপিআই(এম)-এর ৪০টি এরিয়া কমিটির প্রায় ১২০০ তরুণ-তরুণী রেড ভলান্টিয়ার হিসেবে কাজ করেছেন। এবার এদের মধ্যে থেকেই ঝাড়াই বাছাই শেষে জন ২৫কে এবার প্রার্থী করতে চলেছে বামেরা। তবে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী সাফ জানিয়ে দিয়েছেন, কলকাতা ও হাওড়া পুরভোটে কংগ্রেস একাই লড়বে।

Share:

নিজস্ব প্রতিনিধি: কলকাতা ও হাওড়া পুরনিগম সহ রাজ্যের শতাধিক পুরসভায় ভোট কবে হবে তা এখনও অনিশ্চিত। কিন্তু সেই পুরনির্বাচনে লড়াই করার জন্য প্রস্তুতি রাজ্যের সব রাজনৈতিক দলই নিতে শুরু করে দিয়েছে। বসে নেই বামেরাও। তাঁরাও নিজেদের মতো করে ঘর গোছানোর কাজ শুরু করে দিয়েছে। ঠিক এই রকম অবস্থায় কংগ্রেস যেমন সিদ্ধান্ত নিয়েছে পুরনির্বাচনে একা লড়াই করার, ঠিক তেমনি বামেরা সিদ্ধান্ত নিয়েছে এবারে তাঁরা ভোটের ময়দানে প্রার্থী করবে বাছাই করা কিছু রেড ভলান্টিয়ারদের। তবে সেই সিদ্ধান্তের প্রয়োগ শুধুমাত্র কলকাতার ক্ষেত্রে হবে না রাজ্যজু্ড়ে হবে তা এখনও চূড়ান্ত হয়নি।

একুশের বিধানসভা নির্বাচন বাম ও কংগ্রেস এক সঙ্গেই লড়েছিল। সেই সঙ্গে তাঁদের সঙ্গে হাত মিলিয়েছিল আইএসএফ নামের সাম্প্রদায়িক দলটিও। কিন্তু সেই নির্বাচনে ভরাডুবির পরে তিন শিবিরেরই কার্যত ছত্রভঙ্গ দশা হয়েছে। আইএসএফের একজন মাত্র প্রার্থী জয়ের মুখ দেখলেও বাম বা কংগ্রেসের একজন প্রার্থীও জয়ের মুখ দেখতে পারেনি। তাই স্বাধীনতার পরে এই প্রথম বাংলার বিধানসভা বাম ও কংগ্রেসহীন। তবে একুশের নির্বাচনের পরবর্তীকালে হয়ে যাওয়া রাজ্যের ৭টি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের ফলাফল বলছে মানুষ নতুন করে কংগ্রেসমুখী না হলেও যে সব বাম ভোটাররা বিজেপির দিকে ঝুঁকে পড়েছিলেন তাঁদের একটা অংশ ফের বাম শিবিরে ফিরতে শুরু করে দিয়েছেন। আর এই জায়গা থেকেই বামেরা কিছুটা হলেও তাঁদের প্রাসঙ্গিকতা ফিরে পাচ্ছেন। এই অবস্থায় বামেরা সিদ্ধান্ত নিয়েছেন কোভিডকালে যে রেড ভলান্টিয়ার্সরা মানুষের পাশে থেকে তাঁদের সাহায্য করেছেন তাঁদের মধ্যে থেকেই কয়েকজনকে পুরনির্বাচনে প্রার্থী করা হবে।

জানা গিয়েছে, বামেরা প্রাথমিক ভাবে কলকাতায় জন ২৫ রেড ভলান্টিয়ার্সকে প্রার্থী করতে চলেছেন। কোভিডকালে লকডাউনের মধ্যে কলকাতার ১৪৪টি ওয়ার্ডে ছড়িয়ে থাকা সিপিআই(এম)-এর ৪০টি এরিয়া কমিটির প্রায় ১২০০ তরুণ-তরুণী রেড ভলান্টিয়ার হিসেবে কাজ করেছেন। এবার এদের মধ্যে থেকেই ঝাড়াই বাছাই শেষে জন ২৫কে এবার প্রার্থী করতে চলেছে বামেরা। কলকাতার ১৪৪টি ওয়ার্ডের মধ্যে ৯৫টি আসনে প্রার্থী দিতে পারে সিপিআই(এম)। বাকি আসনে লড়াই করবে বাম শরিক দলগুলি। ১৫টি আসন বামেরা ছেড়ে রাখতে চাইছে কংগ্রেসের জন্য। তবে বামেরা কংগ্রেসের জন্য আসন ছেড়ে রাখতে চাইলেও প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী সাফ জানিয়ে দিয়েছেন, কলকাতা ও হাওড়া পুরভোটে কংগ্রেস একাই লড়বে। শনিবার বিধান ভবনে কলকাতা ও হাওড়ার পুরভোট নিয়ে একটি বৈঠক করেন অধীরাবু। সেই বৈঠক শেষেই তিনি সাংবাদিকদের জানান, কলকাতা ও হাওড়ার সব আসনেই প্রার্থী দেবে কংগ্রেস। এই সংক্রান্ত নির্দেশও নাকি তৃণমূল স্তরের কর্মীদের কাছে পৌঁছে দেওয়া হয়েছে। প্রার্থী বাছাইয়ের কাজও শুরু করতে বলা হয়েছে। তবে তিনি এটাও জানিয়ে দিয়েছেন যে, ওই দুই পুরনিগম বাদ দিয়ে রাজ্যের অনান্য পুরসভাগুলির ক্ষেত্রে স্থানীয় স্তরের কংগ্রেস নেতারা যদি বামেদের সঙ্গে জোট গড়ে লড়াই করতে চায় সেক্ষেত্রে জেলা কংগ্রেস নেতৃত্বের সন্মতি থাকলেই হবে।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00