Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

আফ্রিকান নেশনস কাপ থেকে বিদায় নিল মানের সেনেগাল

Share:

নিজস্ব প্রতিনিধি: আফ্রিকান ফুটবলে শ্রেষ্ঠত্বের লড়াই থেকে এবার ছিটকে গেল সাদিও মানের সেনেগাল। সোমবার এক শ্বাসরুদ্ধকর ম্যাচে স্বাগতিক দেশ আইভরি কোস্টের কাছে হেরে বিদায় নিল আফ্রিকান ফুটবলে সমীহ জাগানো সেনেগাল। ৮৬ মিনিট পর্যন্ত এগিয়ে থেকেও টাইব্রেকারে গিয়ে হারতে হলো মানেদের। আগের দিন রবিবারই আফ্রিকান নেশন কাপ থেকে বিদায় নিয়েছিল মোহাম্মদ সালেহ’র মিশর।

ফেভারিট দল হিসেবেই সোমবার আইভরি কোস্টের বিরুদ্ধে মাঠে নেমেছিল সেনেগাল। শুরু থেকেই প্রতিপক্ষের উপরে ঝাঁপিয়ে পড়েছিল। তার ফলও পেয়েছিল হাতেনাতে। ম্যাচের চার মিনিটের মাথায় হাবিব দিয়ালোর গোলে এগিয়ে যায় সেনেগাল। যদিও এদিন ছন্দে ছিলেন না দলের তারকা ফুটবলার সাদিও মানে। উল্টে অকারণে মাথা গরম করে আইভরি কোস্টের ইব্রাহিম সানাগেরকে মারাত্মক ফাউল করে হলুদ কার্ড দেখেন। গোল খাওয়ার পরেই শোধের জন্য মরিয়া হয়ে ঝাঁপায় আইভরি কোস্টের খেলোয়াড়রা। কিন্তু ৮৬ মিনিট পর্যন্ত তাদের অপেক্ষা করতে হয়। ৮৬ মিনিটে আইভরির এক খেলোয়াড়কে বক্সের মধ্যে ফেলে দেন সেনেগালের রক্ষণের এক খেলোয়াড়। পেনাল্টি দিতে ভুল করেননি রেফারি। ওই পেনাল্টি থেকে গোল করে দলকে সমতায় ফেরান আইভরি কোস্টের ফ্র্যাঙ্ক কেসি। নির্ধারিত সময়ে খেলার ফল ছিল ১-১।

এর পরে ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। দু’দলের খেলোয়াড়রা বেশ কয়েকটি সুযোগ পেলেও তা কাজে লাগাতে পারেননি। অতিরিক্ত সময়ে ম্যাচের ফয়সালা না হওয়ায় টাইব্রেকারের সাহায্য নেওয়া হয়। পেনাল্টি শটে আইভরির প্রথম পাঁচ খেলোয়াড়ই গোল করেন। কিন্তু সেনেগালের মুসা নিয়াখাতে গোল করতে ব্যর্থ হন। ৫-৪ গোলে জিতে শেষ আটে পৌঁছে যায় আইভরি কোস্ট। আর দ্বিতীয়বার আফ্রিকার সেরা হওয়ার স্বপ্ন ভেঙে চুরমার হয় সেনেগালের।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00