নিজস্ব প্রতিবেদন: ২০১৯ সালের বিশ্বকাপে তাঁর অসাধারণ বোলিং-ই ইংল্যান্ডকে প্রথমবারের জন্য শিরোপা এনে দিয়েছিল। কিন্তু দেশকে বিশ্বকাপ জেতানোর পরেই চোট-আঘাতে জর্জরিত হয়ে পড়েন ইংলিশ পেসার জোফ্রা আর্চার। ফলে দেশের জার্সি গায়ে ধারাবাহিকভাবে তাঁকে খেলতে দেখা যায়নি। কয়েক দিন আগেই ইংলিশ পেসার ঘোষণা করেছিলেন, আসন্ন আইপিএল নিলামে উঠছেন না। কিন্তু শেষ মুহুর্তে নিজের অবস্থান থেকে ডিগবাজি খেয়ে নিলামের তালিকায় নিজের নাম নথিভুক্ত করলেন ইংল্যান্ডের তারকা ফাস্ট বোলার।
২০১৮ সালে আইপিএলের নিলামে জোফ্রা আর্চারকে কিনেছিল রাজস্থান রয়্যালস। ২০২২ এর আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সে নাম লিখিয়েছিলেন। তবে চোটের কারণে ২০২৩ সালের আইপিএলে মাত্র চারটি ম্যাচ খেলেছিলেন ইংলিশ তারকা পেসার। চোটের কারণে চলতি বছরের আইপিএলেও খেলা হয়নি তাঁর। যদিও আর্চারকে আইপিএল খেলার জন্য অনাপত্তি (নো অবজেকশন সার্টিফিকেট) দিতে রাজি হচ্ছে না ইংল্যান্ড-ওয়ালস ক্রিকেট বোর্ডের (ইসিবি) কর্তারা। তাঁরা চান, আগামী অ্যাশেজের জন্য নিজেকে সম্পূর্ণভাবে প্রস্তুত করুন আর্চার। নিজের ফিটনেসের উপর জোর দিন।
উল্লেখ্য, আগামী ২৪ ও ২৫ নভেম্বর অর্থাৎ রবি ও সোমবার সৌদি আরবের জেদ্দায় বসছে আইপিএলের মহা নিলাম। এবারের নিলামে যে ৫৭৪ জন ক্রিকেটারের উঠবেন, তার মধ্যে ৩৬৬ জন ভারতীয় ক্রিকেটার। আর ২০৮ জন বিদেশি ক্রিকেটার। যাঁদের মধ্যে ৩ জন রয়েছেন আইসিসির সহযোগী দেশ থেকে। ৩৬৬ জন ভারতীয়র মধ্যে ৩১৮ জন আনক্যাপড। বিদেশিদের মধ্যে ১২ জন আনক্যাপড ক্রিকেটার। অর্থাৎ, যাঁরা দেশের হয়ে এখনও অভিষেক ঘটাননি বা, গত পাঁচ বছরে দেশের হয়ে কোনও আন্তর্জাতিক ম্যাচ খেলেননি।