Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

লিভ টুগেদার ও সমকামী সম্পর্কেও পরিবার স্বীকৃতি, জানিয়ে দিল সুপ্রিম কোর্ট

লিভ টুগেদার বা সমকামী সম্পর্কগুলিকেও পরিবারের মর্যাদা দেওয়ার কথা বললেন সুপ্রিম কোর্টের দুই বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় এবং এ এস বোপান্না ।

Share:

নিজস্ব সংবাদদাতা, নয়াদিল্লি : লিভ টুগেদার বা সমকামী সম্পর্কগুলিকেও এবার পরিবারের মর্যাদা দিতে হবে বলে মন্তব্য করল সুপ্রিম কোর্ট। শুধুমাত্র বিবাহিত নারী-পুরুষ এবং তাঁদের সন্তান থাকলেই পরিবার, এই ধারণা থেকে বেরিয়ে আসা দরকার বলে মত দিয়েছে শীর্ষ আদালত। সুপ্রিম কোর্টের দুই বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় এবং এ এস বোপান্না অন্য ধরনের পরিবারকেও আইনি স্বীকৃতি দেওয়ার কথা বলেছেন ।

রবিবার একটি মামলার রায় দিয়েছে এই দুই বিচারপতির বেঞ্চ। সেখানে বলা হয়েছে, নানা কারণেই একটি পরিবারের অবস্থান বদল হতে পারে। কোনও সদস্যের মৃত্যু হলে বা পুনর্বিবাহ করলে গোটা পরিবারের সমীকরণ পালটে যায়। সেই কথা মাথায় রেখেই বলা হচ্ছে, সকল প্রকারের সম্পর্ককেই পরিবারের স্বীকৃতি দিতে হবে। কেউ যদি বিয়ে না করে একসঙ্গে থাকেন, তাহলে তাঁদেরও পরিবার হিসাবে গণ্য করতে হবে। সমকামীরাও যদি লিভ ইন করেন তাহলেও তাঁরা পরিবার হিসাবে স্বীকৃতি পাবেন।একজন নার্সের মামলার রায় দিতে গিয়েই এই পর্যবেক্ষণ করা হয়েছে শীর্ষ আদালতের তরফে। ওই নার্স মাতৃত্বকালীন ছুটির জন্য আবেদন করেছিলেন। কিন্তু তাঁর ছুটির আবেদন নাকচ করে দেয় কর্তৃপক্ষ। কারণ হিসাবে বলা হয়, আগেও স্বামীর প্রথম পক্ষের সন্তানের দেখভাল করার জন্য ছুটি নিয়েছিলেন তিনি। সেই কারণেই নিজের সন্তান নেওয়ার জন্য ছুটি পাবেন না ওই নার্স। জানা গিয়েছে, ওই নার্সের স্বামীর প্রাক্তন স্ত্রীয়ের মৃত্যুর পর ওই ব্যক্তি দ্বিতীয়বার বিয়ে করেছিলেন। তাঁর সন্তানকে দেখভাল করার জন্যই মাতৃত্বকালীন ছুটি নিয়েছিলেন আবেদনকারী নার্স।

প্রসঙ্গত, ২০১৮ সালে সমকামী সম্পর্ককে স্বীকৃতি দিলেও তাঁদের বিয়েকে আইনি মান্যতা দেয়নি সুপ্রিম কোর্ট। তাছাড়াও লিভ ইন সম্পর্কে থাকলে সন্তান দত্তক নেওয়ার অধিকার থাকে না। এই দু’টি বিষয়ে অধিকার পাওয়া নিয়ে বহুদিন ধরেই আন্দোলন চলছে। এহেন পরিস্থিতিতে শীর্ষ আদালতের রায় যথেষ্ট গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে। দুই বিচারপতির বেঞ্চের তরফে বলা হয়েছে, হয়তো চিরাচরিত পরিবার প্রথার চেয়ে এই ধরনের পরিবারগুলি অনেকটাই আলাদা। কিন্তু এই ধরনের পরিবারেও একই রকম ভাবে ভালবাসার সম্পর্ক থাকে। সেই কারণেই এহেন পরিবারগুলির একইরকম আইনি সুযোগ সুবিধা পাওয়া উচিৎ।

কৃষ্ণনগরের ঈশিতা খুনে গ্রেফতার ‘প্রেমিক’ দেশরাজ, পৈত্রিক বাড়িতেই ৭দিন লুকিয়ে

সাময়িক বিরতির পর দক্ষিণবঙ্গে ঝেঁপে আসছে বৃষ্টি, কোন কোন জেলা ভিজবে?

মানসিক স্ট্রেস কমাতে হেড ম্যাসাজ মুশকিল আসান

শুধু মিষ্টি নয়, দাঁত ক্ষতি করতে পারে আপনার প্রিয় খাবারগুলি, জেনে নিন সেগুলি কী কী?

সকালে ঘুম থেকে উঠেই এই ৩টি জিনিস দেখা বয়ে আনে দুর্ভাগ্য

এই ফুলগুলি দিয়ে পুজো করলে প্রসন্ন হন গণপতি

0:00