নিজস্ব প্রতিনিধিঃ জলপাইগুড়ির ধুপগুড়ি আসনে উপনির্বাচনের দিন ঘোষণা করা হল। ৫ই সেপ্টেম্বর উপনির্বাচন। ভোটের ফল ঘোষণা করা হবে ৮ই সেপ্টেম্বর।জলপাইগুড়ির ধুপগুড়ি আসনের বিজেপি বিধায়ক বিষ্ণুপদ রায় গত ২৫জুলাই ২০২৩ মারা যান।ফলে তাঁর মৃত্যুতে ওই বিধানসভা আসন ফাঁকা হয়। ফলে ৬ মাসের মধ্যে এই আসনে উপনির্বাচন জরুরি হয়ে পড়ে। এই মর্মেই কেন্দ্রীয় নির্বাচন কমিশন দ্বারা মঙ্গলবার বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

পশ্চিমবঙ্গে জলপাইগুড়ির ধুপগুড়ির পাশাপাশি আরও ৫ রাজ্যে নির্বাচন ঘোষণা করেছে কমিশন। বিজ্ঞপ্তিতে ঘোষণা করা হয়, পশ্চিমবঙ্গ সহ ত্রিপুরা, উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, কেরল, ঝাড়খণ্ড রাজ্যগুলিতেও উপনির্বাচন অনুষ্ঠিত হবে। ১০ অগস্ট থেকে মনোনয়ন জমা দিতে পারবেন প্রার্থীরা। ১৭ই অগস্ট মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন।২১ অগস্ট মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন।  

প্রসঙ্গত, ঝাড়খণ্ডের দুমরি আসনে জগরনাথ মাহাতো, কেরালার পুথুপপল্লি আসনে ওমেন চণ্ডী, ত্রিপুরার বক্সানগর আসনে সামসুল হক, উত্তরাখণ্ডের বাগেশ্বর আসনে চন্দন রাম দাসের মৃত্যু এবং ত্রিপুরার ধানপুরে প্রতিমা ভৌমিক, উত্তরপ্রদেশের ঘোষি আসনে দারা সিং চৌহানের পদত্যাগের ফলে উপনির্বাচন জরুরি হয়ে পড়ে। সেইমতই উপনির্বাচনের দিন ঘোষণা করা হল।