নিজস্ব প্রতিনিধি: নিয়োগ দুর্নীতির তদন্ত করছে সিবিআই সিট (CBI SIT)। তবে সেই তদন্ত চলছে ধীর গতিতে। তা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এমনকি তিনি পুনর্নিমাণ করেছিলেন সিটের। শুক্রবার (আজ) সেই তদন্তকারী দলের মাথায় বসিয়েছেন অশ্বিন সেনভিকে (ডিআইজি)। বিচারপতির নির্দেশ, আগামী ৭ দিনের মধ্যে যেন এই দায়িত্বভার নেন অশ্বিন। 

বারবার বিচারপতির ধমকের মুখে পড়ে তদন্তে গতি আনল সিবিআই। আজ নোটিস পাঠানো হয়েছে, মুর্শিদাবাদ জেলা শিক্ষা দফতরের বেশ কয়েকজন এসআইকে। জানা গিয়েছে, জেলার ১৬ সার্কেলের এসআই’দের তলব করা হয়েছে। নির্দেশ, আগামী সোমবার নিজাম প্যালেসে হাজিরা দিতে হবে। অন্যদিকে, আজ বিচারপতি বিশ্বজিৎ বসুর কাছে সিবিআই গ্রুপ ডি নিয়োগ নিয়ে তদন্তের রিপোর্ট পেশ করে।

আরও পড়ুন: ‘তদন্ত কবে শেষ হবে’ আবারও প্রশ্ন বিচারপতির

উল্লেখ্য, এসএসসি’র গ্রুপ ডি তদন্তে নেমে ৫৪২ জনের মধ্যে সিবিআই জিজ্ঞাসাবাদ করেছে মাত্র ১৬ জনকে। আর তার জন্য সময় নিয়েছে দীর্ঘ ৭ মাস! এই তথ্য পেয়ে ক্ষুব্ধ হয়েছিলেন বিচারপতি। তিনি বলেছিলেন, খুব ধীরে কাজ করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। মন্তব্য করেছিলেন, কেন এভাবে কাজ করছে সিবিআই সিট তা একমাত্র তারাই জানে। এরপরেই বিচারপতি নির্দেশ দিয়েছিলেন, আগামী ২১ দিনের মধ্যে বাকি সকলকে জিজ্ঞাসাবাদ করতে হবে। তদন্তের তথ্য পর্যবেক্ষণ করার পরে তিনি বলেছিলেন, আগের ১৬ জনকে আরও জিজ্ঞাসাবাদ করলে আরও নতুন তথ্য উঠে আসতে পারে। তারপরেই তদন্তে গতি বাড়িয়েছে সিবিআই।

প্রসঙ্গত, কেন্দ্রীয় এজেন্সি একাধিক মামলার তদন্ত করছে দীর্ঘ মাস ধরে। বিচারপতি এবং বিচারকদের প্রশ্ন, ‘কবে শেষ হবে তদন্ত?’ আজই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেছেন, ‘আমি চাই না এই তদন্ত সারদা- নারদা হোক’। উল্লেখ্য, সারদা-নারদা তদন্ত রাজনৈতিক ইস্যু হয়েই রয়ে গিয়েছে। অন্তত অভিযোগ এমনটাই।