নিজস্ব প্রতিনিধি: দেশকে টি টোয়েন্টি বিশ্বকাপ জিতিয়ে ভারতীয় ক্রিকেট দলের প্রধান কোচের পদ থেকে বিদায় নিয়েছেন রাহুল দ্রাবিড়। অনেক অনুরোধেও রোহিত শর্মা-বিরাট কোহলিদের হেড স্যারের পদে থাকতে রাজি হননি তিনি। কিন্তু দ্রাবিড় সরে গেলেও তাঁর পরিবর্তে কাকে প্রধান কোচের দায়িত্ব দেওয়া হবে, তা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারেননি ভারতীয় ক্রিকেট বোর্ডের শীর্ষ কর্তারা। তবে রবিবার ভারতীয় ক্রিকেট দলের প্রধান কোচ নিয়ে বড়সড় ঘোষণা করেছেন বিসিসিআইয়ের সচিব জয় শাহ। তিনি জানিয়েছেন, নতুন কোচের অধীনেই শ্রীলঙ্কা সফরে যাবে ভারতীয় ক্রিকেট দল। উল্লেখ্য, আগামী ২৭ জুলাই থেকে শ্রীলঙ্কায় তিনটি টি-টোয়েন্টি এবং তিনটি এক দিনের ম্যাচের সিরিজ শুরু হবে।

জুন মাসেই রাহুল দ্রাবিড়ের সঙ্গে বোর্ডের মেয়াদ শেষ হয়েছে। প্রধান কোচ চেয়ে বিজ্ঞাপনও দিয়েছিল বিসিসিআই। সেই বিজ্ঞাপনের ভিত্তিতে একাধিক আবেদন জমা পড়েছে। ওই আবেদন থেকে ঝাড়াই-বাছাই শেষে বেশ কয়েকজনের নাম তালিকাভুক্ত করে সাক্ষা‍ৎকার নিয়েছিলেন ক্রিকেট উপদেষ্টা বিষয়ক কমিটির সদস্যরা। তবে প্রধান কোচের প্রবল দাবিদার হিসাবে কলকাতা নাইট রাইডার্সের মেন্টর গৌতম গম্ভীরের নাম নিয়ে প্রবল চর্চা শুরু হয়েছে।

ভারতীয় দলের প্রধান কোচ নিয়ে ধোঁয়াশার মধ্যেই বিসিসিআই সচিব জয় শাহ জানিয়েছেন, ‘নতুন কোচ এবং জাতীয় নির্বাচক নিয়োগের কাজ দ্রুত শেষ করা হবে। সিএসি দু’জনের নাম কোচ হিসাবে সুপারিশ করেছে। মুম্বই ফিরে এ ব্যাপারে সিদ্ধান্ত নেব আমরা। আগামী জিম্বাবোয়ে সফরে কোচ হিসাবে দলের সঙ্গে যাবেন ভিভিএস লক্ষ্মণ। তার পরের শ্রীলঙ্কা সফর থেকে দায়িত্ব নেবেন নতুন কোচ।’ বোর্ডের একাধিক সূত্র জানিয়েছে, রাহুল দ্রাবিড়ের উত্তরসূরি হিসাবে গৌতম গম্ভীরের পাশাপাশি ডব্লিউভি রমনের নাম সুপারিশ করেছে সিএসি। দুজনের মধ্যে কাউকে বেছে নেওয়া হবে।