আন্তর্জাতিক ডেস্ক: মামলায় হেরে গেলেন টেনিস তারকা নোভাক জোকোভিচ। আদালত তাঁকে অস্ট্রেলিয়া থেকে ফেরত পাঠিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছে। বহাল রাখল সরকারের ভ্যাকসিন সংক্রান্ত নিষেধাজ্ঞা।

বিবিসির খবর অনুযায়ী,  জোকোভিচের বিষয়ে সিদ্ধান্ত নিতে তিন বিচারপতির এজলাস রবিবার শুনানিতে বসে। টেনিস তারকার আইনজীবী আদালতকে বলেন, তাঁর মক্কেলের ক্ষেত্রে অস্ট্রেলিয়া সরকারের নেওয়া পদক্ষেপ অবৈধ এবং আইন বিরুদ্ধ। যদিও আদালত জোকারের আইনজীবীর আবেদন খারিজ করে দিয়ে বলেছে, তাকে সার্বিয়া ফেরত পাঠিয়ে দিতে হবে। সূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে,  টেনিস তারকাকে সার্বিয়া ফেরত পাঠানোর প্রস্তুতি শুরু করেছে স্কট মরিনসন সরকার। আদালতের এই সিদ্ধান্তের ফলে এবার অস্ট্রেলিয়া ওপেন হবে জোকারকে ছাড়াই। 

রায় যে জোকারের বিপক্ষে যেতে পারে, সে ব্যাপারে নিশ্চিত ছিল রাজনৈতিকমহলের একাংশ। এর কারণ ব্যাখ্যা করতে গিয়ে তারা বলেছে, জোকারকে ঘিরে অস্ট্রেলিয়ার সংখ্যাগরিষ্ঠ নাগরিকদের মধ্যে অসন্তোষ তৈরি হয়েছে। তাদের মতে, দেশবাসীর ক্ষেত্রে সরকার টিকা বাধ্যতামূলক করেছে। বিদেশ থেকে আগতদের ক্ষেত্রেও বাধ্যতামূলক করা হয়েছে টিকা। কিন্তু এই টেনিস তারকা টিকা ছা়ডা়ই অস্ট্রেলিয়ায় প্রবেশ করেছেন, যা আইনবিরুদ্ধ।  অতএব যে দেশে থেকে তিনি এসেছেন,  লোটাকম্বল-সমেত সে দেশে ফেরত পাঠিয়ে দিতে হবে। আদালত এই ক্ষোভের আঁচ পেয়েছে বলেই মত সংখ্যাগরিষ্ঠ নাগরিকদের।  তাই, জোকারকে অবিলম্বে সার্বিয়া ফেরত পাঠিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছে। পাশাপাশি, অস্ট্রেলিয়ায় জোকারের তিন বছরের প্রবেশের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে আদালত। আদালতের রায়কে স্বাগত জানিয়েছে অস্ট্রেলিয়ার নাগরিক। রায়ে রীতিমতো হতাশ টেনিস তারকা।