নিজস্ব প্রতিনিধিঃ টেস্ট ম্যাচে বাংলাদেশের কাছে হেরেছে পাকিস্তান। ঘরের মাঠে বাংলাদেশের কাছে ১০ উইকেটে হার। আর এই হারের পর থেকেই পাক ক্রিকেটারদের নিয়ে শুরু হয়েছে সমালোচনা। তবে কী কারণে বাংলাদেশের কাছে হারাল পাকিস্তান? এই প্রসঙ্গের উত্তর দিলেন প্রাক্তন পাকিস্তানের অধিনায়ক রামিজ রাজা। তিনি দাবি করেছেন, ভারতের জন্য পাকিস্তানের এই পরাজয়।
এই প্রসঙ্গে রামিজ রাজা বলেন, ‘গত বছর এশিয়া কাপে ভারতীয় ব্যাটারদের হাতে মার খেয়ে পাকিস্তানের বোলারদের মনোবল অনেকটাই ভেঙে পড়ে। সেই জন্যই এত খারাপ বল করছেন শাহিন শাহ আফ্রিদি, নাসিম শাহেরা।‘ পাশাপাশি প্রাক্তন অধিনায়ক জানান,’ আমাদের বোলিং হল প্রধান শক্তি। তবে তা ভারতীয় দল শেষ করে দিয়েছে।‘
অন্যদিকে শান মাসুদের অধিনায়কত্ব নিয়েও মন্তব্য করেন রামিজ। বলেন, ‘ভুল দল নির্বাচন করা হয়েছিল। তারা পিচ বুঝতে পারেনি। অধিনায়কত্বের চাপ মাসুদের ব্যাটিংয়ের উপর পড়েছে। তাই এতটা ক্ষতি হয়েছে।‘ উল্লেখ্য, রবিবার পাকিস্তানের বিরুদ্ধে রাওয়ালপিন্ডি টেস্টে নাজমুল হোসেন শান্তো-র নেতৃত্বে খেলা বাংলাদেশ জেতে ১০ উইকেটে। প্রথম ইনিংসে ৪০০-র উপর রান করেও হার মানতে হয়েছে পাকিস্তানকে। আর এই হার নিয়ে উঠে এসেছে একের পর এক প্রশ্ন। এই আবহে পাকিস্তানের হারের নেপথ্যে ভারতের ভূমিকা খুঁজে পেলেন প্রাক্তন পাক তারকা রামিজ রাজা।