আন্তর্জাতিক ডেস্ক: রুশ-ইউক্রেন যুদ্ধ বুধবার সাতদিনে পা দিল। সময় যত গড়াচ্ছে ততই ভয়াবহ হয়ে উঠছে পরিস্থিতি। একদিকে রাশিয়া আর অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন সহ ইউরোপিয়ান ইউনিয়নের দেশগুলি। বিশ্বের অন্যতম দুই শক্তিশালী দেশ চিন ও ভারত অবশ্য এখনও পর্যন্ত নিরপেক্ষ ভূমিকা পালন করে চলেছে। রাশিয়ার বিরুদ্ধে যতই খড়গহস্ত হয়ে উঠছে পশ্চিমী দুনিয়া, ততই পরমাণু যুদ্ধের সম্ভবনা প্রবল হয়ে উঠছে।

শেষ পর্যন্ত তৃতীয় বিশ্বযুদ্ধ কিংবা পরমাণু যুদ্ধ হবে কিনা, তা সময়েই বলবে। তবে প্রতিরক্ষা বিশেষজ্ঞরা মনে করছেন, রুশ-ইউক্রেন যুদ্ধের জেরে গোটা দুনিয়া আড়াআড়িভাবে বিভাজিত হলেও এই মুহুর্তেই পরমাণু হামলা শুরু করে বিশ্বজুড়ে পরমাণু যুদ্ধের দামামা বাজাবেন না রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তবে যদি আমেরিকা কিংবা ইউরোপিয় ইউনিয়নের কোনও দেশ ইউক্রেনের হয়ে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে অবতীর্ণ হয়, তাহলে মরণ কামড় দিতে পরমাণু যুদ্ধ শুরু করতে পারেন পুতিন।

ইতিমধ্যেই অবশ্য পরমাণু অস্ত্র বহরকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন রুশ প্রেসিডেন্ট। আর সেই নির্দেশ পেয়ে হামলার প্রস্তুতি শুরু করে দিয়েছে রুশ সেনা। এই মুহুর্তে ভাণ্ডারে পরমাণু অস্ত্রের মজুতে বিশ্বে শীর্ষে রয়েছে রাশিয়া। সামান্য পিছিয়ে আমেরিকা। রাশিয়ার হাতে যেখানে ৫ হাজার ৯৭৭টি পরমাণু অস্ত্র রয়েছে, সেখানে আমেরিকার হাতে রয়েছে ৫ হাজার ৪২৮টি। চিন সহ বাকি পরমাণু শক্তিধর দেশগুলি অনেক-অনেক পিছিয়ে। এক নজরে দেখে নেওয়া যাক, কোন দেশের অস্ত্র ভাণ্ডারে কত পরমাণু অস্ত্র মজুত রয়েছে—-

 

দেশ                        অস্ত্রের পরিমাণ

রাশিয়া                          ৫,৯৭৭

আমেরিকা                  ৫,৪২৮

চিন                                ৩৫০

ফ্রান্স                              ২৯০

ব্রিটেন                            ২২৫

পাকিস্তান                     ১৬৫

ভারত                            ১৬০

ইজরায়েল                     ৯০

উত্তর কোরিয়া              ২০