নিজস্ব প্রতিনিধি, ওয়াশিংটন: সিরিয়ায় ক্ষমতা দখলকারী হায়াত তাহরির আল শামের (এইচটিএস) উপর থেকে জঙ্গি সংগঠনের তকমা প্রত্যাহার করল ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। গতকাল সোমবার (৭ জুলাই) মার্কিন বিদেশ মন্ত্রকের তরফের ওই তকমা প্রত্যাহারের কথা ঘোষণা করা হয়েছে। রাজনৈতিক পর্যবেক্ষরা মনে করছেন, মার্কিন দুশমন বাশার আল আসাদকে সিরিয়ার প্রেসিডেন্টের কুর্সি থেকে হটানোর পুরস্কার হিসাবে ওই তকমা প্রত্যাহার করা হয়েছে।

ওসামা বিন লাদেনের আল কায়দা জঙ্গি সংগঠনের সহযোগী শাখা হিসাবে সিরিয়ায় আত্মপ্রকাশ করেছিল আল নুসরা ফ্রন্ট। আল আসাদ সরকারের বিরুদ্ধে সশস্ত্র বিপ্লব শুরু করেছিল। কয়েক হাজার নিরীহ নাগরিককে খুন করার অভিযোগ উঠেছিল। ২০১৬ সালে আমেরিকার সঙ্গে গোপন সমঝোতায় যান আল নুসরার নেতারা। তার পরেই আল কায়দার সঙ্গে সম্পর্ক চুকিয়ে দেয়। সংগঠনের নাম বদলে রাখা হয় হায়াত তাহরির আল শাম। রাশিয়ার মিত্র বাশার সরকারকে ক্ষমতা থেকে উ‍ৎখাত করতে এইচটিএসকে মদত দেয় ওয়াশিংটন।

গত বছর ডিসেম্বরে হায়াত তাহরির আল শাম (এইচটিএস) গোষ্ঠীর নেতৃত্বেই বিভিন্ন মৌলবাদী দল সশস্ত্র বিপ্লবের সাহায্যে সিরিয়ায় বাশার আল-আসাদ সরকারের পতন ঘটায়। প্রাণ বাঁচাতে সিরিয়া থেকে পালিয়ে মস্কোয় আশ্রয় নেন বাশার। সিরিয়ার কুর্সিতে বসেন কুখ্যাত জঙ্গি নেতা আহমেদ আল-শারা। সপ্তাহ খানেক আগে সিরিয়ার উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের কথা জানিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার পরেই তাহরির আল শামের উপর থেকে সন্ত্রাসী তকমা তুলে নেওয়ার পদক্ষেপ নিল মার্কিন বিদেশ মন্ত্রক। কূটনৈতিক পর্যবেক্ষকদের মতে, দেশে দেশে যে জঙ্গি সংগঠনগুলোকে আমেরিকাই মদত জোগাচ্ছে আল শামের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারেই তা স্পষ্ট হয়েছে।