নিজস্ব প্রতিনিধি : বর্তমানে উত্তপ্ত হয়ে উঠেছে সিরিয়া। এই ঘটনাটি বাংলাদেশের ঘটনারই পুনরাবৃত্তি বলা যেতে পারে। সম্প্রতি অধিকারবোধকে কেন্দ্র করে সিরিয়ার প্রেসিডেন্ট বাসার আল-আসাদ সরকারের বিরুদ্ধে বিক্ষোভে ফেটে পড়ে হায়াত তাহরির আল-শাম(এইচটিএস)নামের ইসলামিক সশস্ত্র গোষ্ঠীর বিদ্রোহীরা। সিরিয়ার একটার পর একটা স্থান দখল নিতে থাকে তাঁরা। অবশেষে অবস্থা বেগতিক দেখে সিরিয়া ছেড়ে পালায় দেশটির প্রেসিডেন্ট বাসার। বাধ্য হয়ে বিদ্রোহীদের কাছে ক্ষমতা হস্তান্তর করতে রাজি হন দেশটির প্রধানমন্ত্রীও। এদিকে বাসারের অবর্তমানে সিরিয়াকে মুক্ত বলে ঘোষণা করে এই বিদ্রোহী গোষ্ঠীটি। এবার এই সুযোগে প্রেসিডেন্ট আসাদের বাবার মূর্তি ভেঙে গুঁড়িয়ে দিল বিদ্রোহীরা।

বিদ্রোহীরা ভেঙে ফেলেছে আসাদের বাবা তথা সিরিয়ার প্রাক্তন প্রেসিডেন্ট হাফিজ আল-আসাদের ভাস্কর্য। বিদ্রোহী গোষ্ঠির অভিযান শুরুর মাত্র ১২ দিনের মাথায় রবিবার(৮ ডিসেম্বর)তাঁরা রাজধানী দামেস্ক দখল নেন। শনিবার দামেস্ক থেকে ১০ কিলোমিটার দূরে জেরমানা শহরতলির কেন্দ্রে থাকা হাফিজ আল-আসাদের একটি ভাস্কর্য ভেঙে ফেলেন বিক্ষুব্ধ বিদ্রোহীরা। ভাস্কর্য ভেঙে ফেলার পর বিদ্রোহীরা আকাশের দিকে ফাঁকা গুলি ছোড়েন ও আসাদের পতন দাবি করেন।

উল্লেখ্য, ১৯৭১ থেকে ২০০০ সাল পর্যন্ত সিরিয়ার প্রেসিডেন্ট ছিলেন হাফিজ আল-আসাদ। ২০০০ সালে তাঁর মৃত্যু হয়। ওই বছরই সিরিয়ার ক্ষমতায় অধিষ্ঠিত হন তাঁর ছেলে বাসার আল-আসাদ। টানা দুই যুগ ধরে (২৪ বছর) তিনি সিরিয়া শাসন করেন। তাঁর আমলেই ২০১১ সালে সিরিয়ায় ভয়াবহ গৃহযুদ্ধ ছড়িয়ে পড়ে। মিত্র রাশিয়া ও ইরানের সহায়তায় কয়েক বছর রক্তক্ষয়ী যুদ্ধের পর বিদ্রোহীদের দমন করতে সক্ষম হন বাসার আল-আসাদ।