নিজস্ব প্রতিনিধি, ইসলামাবাদ: ফের রক্তে ভাসল পাক মাটি। মঙ্গলবার সকালে ডেরা ইসমাইল খানের এক থানায় আত্মঘাতী জঙ্গি হামলায় প্রাণ হারিয়েছেন কমপক্ষে ২৪ জন। গুরুতর জখম হয়েছেন আরও ২৫ জন। আহতদের বেশ কয়েকজনের অবস্থা সঙ্কটজনক। ফলে মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা প্রশাসনিক আধিকারিকদের। তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি)-এর নবগঠিত জঙ্গি শাখা তেহরিক-ই-জেহাদ (টিজেপি) এই হামলার দায় স্বীকার করেছে।

খাইবার পাখতুনখোয়া প্রদেশের ডেরা ইসমাইল খান জঙ্গি সংগঠন তেহরিক-ই-তালিবান পাকিস্তানের (টিটিপি) শক্ত ঘাঁটি হিসাবেই পরিচিত। এদিন সকালে ডারাবান থানায় আচমকাই ঢুকে পড়ে বেশ কয়েকজন আত্মঘাতী জঙ্গি। থানার নিরাপত্তায় থাকা পুলিশ কর্মীদের লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি ছুড়তে থাকে। পাল্টা জবাব দেয় পুলিশও। দুপক্ষের মধ্যে বেশ কয়েক ঘন্টা ধরে গুলির লড়াই চলে। বেশ কয়েকটি বিস্ফোরণও ঘটায় জঙ্গিরা। ওই বন্দুকযুদ্ধের সময়েই তিন জঙ্গিকে নিকেশ করেন পুলিশ কর্মীরা। পাল্টা জঙ্গিদের গুলিতে ও বিস্ফোরণে প্রাণ হারান ২১ পুলিশ কর্মী।

ঘটনার খবর পেয়েই  থানায় ছুটে যায় বিশাল পুলিশ বাহিনী। গুলিযুদ্ধ থামার পরে নিহত ও আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান জরুরি সেবা বিভাগের কর্মীরা।  এদিনের প্রাণঘাতী হামলার নিন্দায় সরব হয়েছেন রাজনৈতিক নেতৃত্ব থেকে শুরু করে সমাজকর্মী ও সাংবাদিকরা। প্রসঙ্গত, সাম্প্রতিক সময়ে খাইবার পাখতুনখোয়া প্রদেশের জঙ্গি হামলার ঘটনা বেড়েছে। নিরাপত্তা বাহিনীর ওপরও বেশ কয়েকবার মারাত্মক হামলা চালানো হয়েছে। জানুয়ারিতে পেশোয়ারে একটি মসজিদে আত্মঘাতী বোমা হামলায় কমপক্ষে ১০১ জন নিহত হয়েছিলেন।