আন্তর্জাতিকডেস্ক: বিস্ফোরণের শব্দে কেঁপে উঠল ইরান। সংবাদসংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুসারে, রবিবার ভোরে ইরানের বেশ কয়েকটি এলাকা থেকে বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে। এই খবর লেখা পর্যন্ত কোনও প্রান্ত থেকে ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

বিস্ফোরণের খবর দিতে গিয়ে আসাদাবাদের গভর্নর বলেন, কয়েকটি এলাকা থেকে বিস্ফোরণের খবর পাওয়া গিয়েছে। প্রাণহানির খবর নেই। প্রাথমিকভাবে তিনি মনে করেছিলেন, কোথাও বজ্রপাত হয়ে থাকবে। ইরানের রোকনা নিউজের প্রতিবেদনে এই বিস্ফোরণের খবর দিতে গিয়ে বলা হয়েছে, বিস্ফোরণের তীব্রতা এতো বেশি ছিল যে ওই সব এলাকায় ঘর-বাড়ির জানালা রীতিমতো কেঁপে ওঠে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে বেশ কয়েকটি ভিডিয়ো। ভাইরাল হওয়া ভিডিয়োত দেখা গিয়েছে, বিস্ফোরণের আওয়াজ শুনে বাড়ির বাইরে বেরিয়ে আসেন বহু মানুষ। অনেকের ধারণা হয়েছিল, বড় ধরনের ভূমিকম্পা হয়েছে এবং ভূমিকম্পে বাড়ি-ঘর তাসের ঘরের মতো ভেঙে পড়ার ফলেই এই বিকট শব্দ। যদিও আন্তর্জাতিক সংবাদমাধ্যমের তরফে বলা হয়েছে, তারা ওই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিয়োর সত্যতা যাচাই করেনি।

এদিকে, ইজরায়েলের সঙ্গে ইরানের নতুন করে সংঘাত তৈরি হয়েছে। ইজরায়েলের দাবি, ইরান গোপনে পরমাণু অস্ত্র তৈরির চেষ্টা করছে। ইরান তাদের এই কর্মসূচি বন্ধ না করলে ওই দেশের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হবে। ইরান পরমাণু কর্মসূচির কথা স্বীকার করেও জানিয়েছে, তাদের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণ শান্তিপূর্ণ। যদিও ইরানের এই দাবি মানতে নারাজ ইজরায়েল। ফলে, আগামীদিনে এই ইস্যুতে  ইরান-ইজরায়েল সম্পর্ক যে অন্যদিকে গড়াবে, সে বিষয়ে নিশ্চিত রাজনৈতিকমহল।