আন্তর্জাতিক ডেস্কঃ ফের আফগানিস্তানে ভয়াবহ বন্যা। আর তাতেই এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন ৫০ জন। আহত হয়েছেন বেশ কয়েকজন। এই বন্যা প্রসঙ্গে আফগানিস্তানের তথ্য বিভাগের প্রধান মওলভী আব্দুল হাই জাইম জানিয়েছেন, লাগাতার বৃষ্টির জেরে রাজধানী ফিরোজ-কোহতে প্রায় ২ হাজার বাড়ি সম্পূর্ণ ধ্বংস হয়েছে। ৪ হাজার বাড়ি আংশিক ক্ষতিগ্রস্ত। ২ হাজারেরও বেশি দোকান জলের নিচে ডুবে গিয়েছে।

বন্যার জেরে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।  আফগানিস্তানে জোর কদমে চলছে উদ্ধারকাজ। প্রতিকূল আবহাওয়ার কারণে রাস্তাঘাটও ক্ষতিগ্রস্ত হয়েছে তাই উদ্ধার চালাতে বেশ অসুবিধার মুখে পড়তে হচ্ছে। আগামী বেশ কয়েকদিন আফগানিস্তানে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস।

গত ১১ মে আফগানিস্তানে আকস্মিক বন্যায় প্রাণ হারিয়েছেন ৩১৫ জন এবং ১৬০০ জনেরও বেশি আহত হয়েছে। বন্যার জেরে বাগলান প্রদেশ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হয়। সেখানে প্রায় ৩০০ জন বাসিন্দা  প্রাণ হারিয়েছেন । ২ হাজার ১১টি বাড়িঘর ধ্বংস হয়ে যায়। এই আবহে ফের আফগানিস্তানে দেখা দিল বন্যা। অন্যদিকে আফগানিস্তান প্রাকৃতিক দুর্যোগের জন্য ঝুঁকিপূর্ণ একটি দেশ । জাতিসংঘ আবহাওয়া পরিবর্তনের জন্য সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশগুলোর একটি হিসেবে বিবেচনা করে আফগানিস্তানকে।