নিজস্ব প্রতিনিধি: অবশেষে জল্পনার অবসান হয়েই গেল! বহুদিন ধরেই জল্পনার কেন্দ্রে ছিল ‘ডন 3’-র ভূমিকায় এবার কে অভিনয় করছেন। মেগাস্টার অমিতাভ বচ্চনের পর তাঁর পদাঙ্ক অনুসরণ করেছিলেন শাহরুখ খান। অমিতাভ বচ্চনের পর শাহরুখ খানই ছিলেন ডন চরিত্রে মানানসই। কিন্তু আগেই জানা গিয়েছিল, ডন 3-থেকে সরছেন অভিনেতা শাহরুখ খান। তবে এবার বলিউডের নতুন ডন কে হতে চলেছেন, সেই নিয়েই ভক্তদের মধ্যে জল্পনা ছিল তুঙ্গে। শোনা গিয়েছিল, ফারহান আখতার ‘ডন 3’-এর জন্যে বাছাই করেছিলেন রণবীর সিং-কে, তবে সত্যিই কী তাই? জানতে উৎসুক ভক্তরা। হ্যাঁ, ঘটনা একেবারেই সত্যিই, এবার বলিউডের নতুন ডন হতে চলেছেন রণবীর সিং।আর নায়িকা হতে চলেছেন কিয়ারা আডভানি। মঙ্গলবার ফারহান আখতার নিজেই ইনস্টাগ্রামে ‘Don 3’-এর টিজার ভিডিও পোস্ট করে ঘোষণা করলেন।

ব্যাকগ্রাউন্ডে শোনা গিয়েছে, ডন টাইটেল ট্র্যাক ‘মে হুঁ ডন’। তবে পরিচালক ভিডিওর নিচে কোনও ক্যাপশন দেননি। আইএমডিবি ইন্ডিয়ার অফিসিয়াল হ্যান্ডেল ফারহানের পোস্টে মন্তব্য করে লিখেছে, “পুলিশ এর মুক্তির তারিখ জানতে চায়।” ফারহানের বোন এবং চলচ্চিত্র নির্মাতা জোয়া আখতারও মন্তব্য করেছেন, “বুম (বিস্ফোরণ ইমোজি)।” তবে ইন্টারনেটের দৃষ্টি আকর্ষণ করেছে, DON 3-এর টাইম লাইন, যেখানে লেখা ছিল ‘A New Era Begins’। ভক্তদের ধারণা রণবীর সিংই বলিউডের নতুন ডন।

তবে অনেকেই শাহরুখকে দেখতে চান, এহেন মন্তব্য করে লিখেছেন, “আমি মনে করি না যে অন্য কোনও অভিনেতা ডন-এ শাহরুখের ধাঁচের সঙ্গে নিজেকে মেলাতে পারবে।” অন্য একজন লিখেছেন, “নো শাহরুখ খান স্যার, নো ডন 3।” তৃতীয় একজন ব্যবহারকারী মন্তব্য করেছেন, “এসআরকে ছাড়া কেউ নতুন যুগ চায় না।” সুতরাং বোঝাই যাচ্ছে, ‘Don 3’-এর ঘোষণাটি ইনস্টাগ্রামে রীতিমতো হৈচৈ ফেলে দিয়েছে। ‘ডন’ ফ্র্যাঞ্চাইজিতে শাহরুখের বিকল্প কেউ চাননা। ১৯৭৮ সালে মুক্তি পেয়েছিল অমিতাভ বচ্চনের প্রথম গ্যাংস্টার চলচ্চিত্র ডন। এরপর ডনের দুটি রিমেকের উত্তরসূরী হন শাহরুখ খান। কিন্তু এবার নতুন প্রজন্মের ডন পাবে বলিউড। রিপোর্ট অনুযায়ী, শিরোনামের চরিত্রে শাহরুখের জায়গায় রণবীর সিং সম্ভবত থাকবেন। ডন 3 প্রযোজনা করবে ফারহান এবং রিতেশ সিধওয়ানির এক্সেল এন্টারটেইনমেন্ট। এটি রচনা ও পরিচালনা করবেন ফারহান, যিনি ডন 2-এর ১২ বছর পরে ডন 3-নিয়ে মাঠে নামছেন ফারহান।