নিজস্ব প্রতিনিধি : প্রশ্নফাঁসকাণ্ডের মধ্যেই স্থগিত করে দেওয়া হল নিট পরীক্ষার কাউন্সিলিং। ন্যাশনাল টেস্টিং এজেন্সির তরফে এই কথা ঘোষণা করা হয়েছে। কবে এই কাউন্সিলিং হবে, সেই কথা অবশ্য জানানো হয়নি। তবে এনটিএ-এর তরফে জানানো হয়েছে, খুব শীঘ্রই কাউন্সিলিংয়ের তারিখ ঘোষণা করা হবে।
ন্যাশনাল টেস্টিং এজেন্সির তরফে জানানো হয়েছে, আপাতত নিট পরীক্ষার কাউন্সিলিং স্থগিত রাখা হচ্ছে। কবে কাউন্সিলিং পরীক্ষা শুরু হবে, সেকথা পরে জানিয়ে দেওয়া হবে। কিন্তু কী কারণে এই কাউন্সিলিং স্থগিত রাখা হল, সেই বিষয়ে অবশ্য কিছু জানানো হয়নি।
উল্লেখ্য, সম্প্রতি সুপ্রিম কোর্ট অবশ্য এই কাউন্সিলিং পরীক্ষা স্থগিত করার কথা বলেনি। এর আগে শীর্ষ আদালতের কাছে গিয়েই ন্যাশনাল টেস্টিং এজেন্সি জানিয়েছিল, এনটিএ ৬ জুলাই অর্থাৎ শনিবার কাউন্সিলিং পরীক্ষা শুরু করতে চায়। শীর্ষ আদালত স্থগিতাদেশ না দেওয়া সত্বেও কেন কাউন্সিলিং প্রক্রিয়া স্থগিত করে রাখা হল তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।
এদিন নিট পরীক্ষায় প্রশ্নফাঁসকাণ্ড সামনে আসার পর এই বিষয়ে সিবিআই তগন্ত শুরু হয়েছে। এদিকে নিট পরীক্ষা বাতিলের আবেদন জানিয়ে শীর্ষ আদালতে মামলাও দায়ের করা হয়েছে। সেই মামলার শুনানি রয়েছে আগামী ৮ জুলাই। ইতিমধ্যে শীর্ষ আদালতে মামলাকারীরা আবেদন জানিয়েছিল, কাউন্সিলিং পর্ব যেন দুদিনের জন্য বন্ধ রাখা হয়। মনে করা হচ্ছে, যেহেতু শীর্ষ আদালতে এই মামলার শুনানি আগামী ৮ জুলাই, তাই মামলাকারীদের আবেদনকে মান্যতা দিয়েই হয়ত নিট পরীক্ষায় সফল পরীক্ষার্থীদের কাউন্সিলিং সাময়িক স্থগিত করে রাখা হল। উল্লেখ্য, নিট পরীক্ষার এই কাউন্সিলিংয়ে একাধিক রাউন্ড রয়েছে। প্রথম সফল পরীক্ষার্থীদের কাউন্সিলিংয়ের জন্য নাম নথিভুক্ত করতে হবে। তারপর কাউন্সিলিং ফি জমা দিতে হবে।