নিজস্ব প্রতিনিধি, সেকেন্দ্রবাদ: তেলেঙ্গানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে। আগুন লাগে মধ্যরাতে, এখানকার একটি শতাব্দি প্রাচীনক্লাবে। আগুনে নষ্ট হয়েছে ২০ কোটি টাকার সম্পত্তি। তবে হতাহতের কোনও খবর নেই। সর্বশেষ পাওয়া খবরে জানা গিয়েছে, আগুন আপাতত নিয়ন্ত্রণে।

অগ্নিকাণ্ডের খবর দিতে গিয়ে মারেডপল্লীর মুখ্য পুলিশকর্তা এম মাথাইয়া জানিয়েছেন, ভোররাত তিনটে নাগাদ তারা ক্লাবে আগুন লাগার খবর পান। খবর পাওয়ার পরে পরে দমকলের ছটি ইঞ্জিনকে সেখানে পাঠানো হয়। রবিবার সকাল ছটায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে বাড়িটি সম্পূর্ণ পুড়ে গিয়েছে। তবে ঘটনার সময় ক্লাবে কেউ ছিল না। ফলে, বড় ধরনের ক্ষয়ক্ষতির হাত থেকে রক্ষা পাওয়া সম্ভব হয়েছে। ক্লাবের তরফ থেকে থানায় একটি অভিযোগ রুজু করা হয়েছে। অভিযোগে বলা হয়েছে, অগ্নিকাণ্ডের ঘটনায় ২৫ কোটি টাকার সম্পত্তি নষ্ট হয়েছে।

একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে ক্লাবটি ভারতের অন্যতম প্রাচীন ক্লাব। প্রতিষ্ঠা হয়েছিল ১৮৭৮ সালে। ২২ একর জমির ওপর তৈরি এই ক্লাব। ক্লাবের নাম একাধিকবার বদল হয়েছে। প্রথমে এই ক্লাবের নাম ছিল সেকেন্দ্রবাদ গ্যারিসন ক্লাব। পরে নাম বদলে রাখা হয় সেকেন্দ্রাবাদ জিমখানা ক্লাব। কয়েকবছর বাদে আরও একবার ক্লাবের নাম বদলে রাখা হয় ইউনাইটেড সার্ভিস ক্লাব। সেই নামও বদলে করা হয় সেকেন্দ্রাবাদ ক্লাব। দেশ স্বাধীন হওয়ার আগে পর্যন্ত ক্লাবের সভাপতি করা হত ব্রিটেনের নাগরিককে। ১৯৪৭-য়ের পর ক্লাবের সভাপতিপদে বদল ঘটে। ভারতের প্রাক্তন সেনাপ্রধান জেনারেল শঙ্কর রায়চৌধুরী কিছুদিন এই ক্লাবের সভাপতি ছিলেন।