নিজস্ব প্রতিনিধিঃ লাগাতার বৃষ্টিতে বিপদগ্রস্ত কেরল। মঙ্গলবার (৩০ জুলাই)   ওয়ানাডের পার্বত্য এলাকায় নেমেছে ভুমিধস। আর তাতে  এখন পর্যন্ত ১৫০ জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছেন বহু মানুষ। এই পরিস্থিতিতে সাহায্যের হাত বাড়িয়ে দিল মালায়ালাম চলচ্চিত্র জগৎ।  

বুধবার  ওয়ানাডের ভূমিধসে যারা প্রাণ হারিয়েছেন তাদের জন্য এক মিনিট নীরবতা পালন করেছে ফিল্ম ইন্ডাস্ট্রি। এছাড়াও, ছবি মুক্তি এবং বড় অনুষ্ঠান স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অন্যদিকে, কেরলে ভয়াবহ পরিস্থিতির জেরে পিছিয়ে গেল সাইজু শ্রীধরন প্রযোজিত   থ্রিলার ছবি ‘ফুটেজ’-এর মুক্তির দিনক্ষণ। তবে কবে মুক্তি পাবে তা এখনো জানা যায়নি । সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে পরিচালক চলচ্চিত্র নির্মাতারা লিখেছেন , ‘ আমরা ওয়ানাডের বাসিন্দাদের পাশে রয়েছি।‘

উল্লেখ্য, আগামী ২ অগস্ট মুক্তি পাওয়ার কথা ছিল ‘ফুটেজ ‘। এই ছবিতে অভিনয় করেছে গায়ত্রী অশোক, বিশাক নায়ার এবং মঞ্জু ওয়ারিয়ার। এছাড়াও অ্যাসোসিয়েশন অফ মালয়ালম মুভি আর্টিস্টস এন্টারটেইনমেন্ট অ্যাওয়ার্ডস নাইটের সংবাদ সম্মেলন বাতিল করেছে। অন্যদিকে ওয়ানাড পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেম   মালায়লাম সুপারস্টার মামুটি  । সোশ্যাল মিডিয়ায় তিনি লেখেন, ‘পরিস্থিতি যতক্ষণ না স্বাভাবিক হচ্ছে, বাসিন্দারা বাড়িতে থাকুন। প্রয়োজন ছাড়া বের হবেন না ।‘