নিজস্ব প্রতিনিধি, বেঙ্গালুরু: সাড়ে চার বছরের বেশি সময় ধরে দায়িত্ব সামলানোর পরে আচমকাই ইস্তফা দিলেন ইনফোসিসের সিএফও নীলাঞ্জন রায়। তাঁর জায়গায় দায়িত্ব পাচ্ছেন জয়েশ সঙ্ঘরাজকা। ব্যক্তিগত উচ্চাশা পূরণেই সিএফও’র দায়িত্ব থেকে নীলাঞ্জন রায় ইস্তফা দিয়েছেন বলে সোমবার রাতে ইনফোসিসের তরফে জানানো হয়েছে।

২০১৯ সালের মার্চ মাসে মোবাইল পরিষেবা প্রদানকারী সংস্থা ভারতী এয়ারটেল ছেড়ে ইনফোসিসের মুখ্য আর্থিক আধিকারিক হিসাবে (সিএফও) দায়িত্ব নিয়েছিলেন নীলাঞ্জন রায়। দায়িত্ব নেওয়ার কয়েক মাসের মধ্যেই বিতর্কের শিরোনামে উঠে আসেন তিনি। ইনফোসিস প্রতিষ্ঠাতা নারায়ণমূর্তিকে পাঠানো বেনামী চিঠিতে নীলাঞ্জন রায়ের বিরুদ্ধে ওই চিঠিতে বলা হয়, ‘স্বল্প মেয়াদে আয় ও মুনাফা বাড়াতে নীতিবিরুদ্ধ কাজে মদত জুগিয়েছেন সিএফও।’ ওই চিঠির পরিপ্রেক্ষিতে অভ্যন্তরীণ তদন্তও শুরু হয়েছিল। যদিও পরে সব ধামাচাপা পড়ে যায়। কিন্তু কেন আচমকাই নীলাঞ্জন রায় সিএফও’র পদ থেকে ইস্তফা দিলেন তা নিয়ে জোর চর্চা শুরু হয়েছে। ওই খবর রটে যাওয়ার পরেই ইনফোসিসে আমেরিকান ডিপোজিটরি রিসিপ্টস (এডিআর) ৩.২ শতাংশ হ্রাস পেয়েছে।

নীলাঞ্জন রায়ের পরিবর্তে ভারতের দ্বিতীয় বৃহত্তম তথ্যপ্রযুক্তি সংস্থায় সিএফও’র দায়িত্ব পালন করবেন জয়েশ সঙ্ঘরাজকা। আগামী বছর ১ এপ্রিল থেকে অর্থা‍ৎ নতুন আর্থিক বর্ষের প্রথম দিন থেকেই দায়িত্ব নেবেন তিনি। দুই দফায় দীর্ঘ ১৮ বছর ইনফোসিসের সঙ্গে জড়িত সঙ্ঘরাজকা। ২০১৫ সাল থেকে ইনফোসিসের ডেপুটি সিএফও হিসাবে দায়িত্ব সামলাচ্ছেন তিনি।