নিজস্ব প্রতিনিধি : নিট পরীক্ষায় দুর্নীতি নিয়ে এবার দেশ জুড়ে আন্দোলন নামবে কংগ্রেস। ২১ জুন থেকে শুরু হবে আন্দোলন। প্রদেশ কংগ্রেস সভাপতি ও পরিষদীয় দলের নেতাদের কাছে এই বিষয়ে চিঠি লিখেছেন কংগ্রেসের কেন্দ্রীয় নেতৃত্ব।
জানা গিয়েছে, কংগ্রেসের সাধারণ সম্পাদক সংগঠন কে সি বেনুগোপাল বিভিন্ন রাজ্যের প্রদেশ কংগ্রেস সভাপতি ও কংগ্রেসের পরিষদীয় দলের নেতাদের কাছে চিঠি পাঠিয়েছেন। সেই চিঠিতে আগামী ২১ জুন কংগ্রেস নেতাদের আন্দোলনে নামার কথা জানানো হয়েছে। নতুন এনডিএ সরকার গঠনের পর আগামী ২৪ জুন থেকে শুরু হচ্ছে সংসদের প্রথম অধিবেশন। তার দুদিন আগেই ডাক্তারি প্রবেশিকা পরীক্ষা নিট দুর্নীতি নিয়ে আগামী ২১ জুন আন্দোলনে নামছে কংগ্রেস। প্রদেশ কংগ্রেসের সমস্ত সিনিয়র নেতাদের প্রদেশ সদর দফতরে উপস্থিত থাকতে বলা হয়েছে।
কংগ্রেস নেতা কে সি বেনুগোপাল জানিয়েছেন, যেভাবে নিট পরীক্ষায় পরীক্ষার্থীদের বাড়তি নম্বর দেওয়া হয়েছে, তা খুবই উদ্বেগজনক। বিজেপি শাসিত রাজ্য বিহার, গুজরাত, হরিয়ানায় এই বিষয়ে সংগঠিত দুর্নীতি হয়েছে। ইতিমধ্যে তাদের কাছে একাধিক অভিযোগ এসেছে। এবার এই দুর্নীতির বিরুদ্ধে সরব হওয়ার প্রয়োজনীয়তা রয়েছে। উল্লেখ্য, গত মঙ্গলবার কংগ্রেস নেতা রাহুল গান্ধি নিট দুর্নীতি নিয়ে মুখ খুলেছিলেন। এই বিষয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি চুপ কেন, সেবিষয়ে প্রশ্ন করেছিলেন তিনি। রাহুলের অভিযোগ, নিট পরীক্ষায় ২৪ লাখের মতো পরীক্ষার্থী বসেছিলেন। পরীক্ষার্থীদের ভবিষ্যত নিয়ে ছিনিমিনি খেলেছেন মোদি সরকার।