নিজস্ব প্রতিনিধি, প্রয়াগরাজ: পার্টি নেতৃত্ব টিকিট দিতে অস্বীকার করায় দলীয় কার্যালয়ের সামনে গায়ে আগুন লাগিয়ে আত্মহত্যার চেষ্টা করলেন সমাজবাদি পার্টির এক কর্মী। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে লখনউয়ে বিক্রমাদিত্য মার্গে দলের সদর দফতরের সামনে রবিবার।সূত্রে পাওয়া খবর উদ্ধৃত করে একটি সর্বভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, গায়ে আগুন লাগিয়ে আত্মহত্যার চেষ্টা করেন আদিত্য ঠাকুর। ঘটনাস্থলের আশেপাশে থাকা মানুষ ওই ঘটনা দেখে শিউড়ে ওঠেন। তারাই আগুন নিভিয়ে ফেলেন।

আদিত্য ঠাকুরের এই অভিমানের কারণ, দল তাঁকে টিকিট না দিয়ে টিকিট দিয়েছে বহিরাগতকে। অন্তত তেমনই তাঁর দাবি। সংবাদমাধ্যমের প্রতিনিধিকে তিনি বলেন, ‘আমি আমার জীবন বলি দিতে প্রস্তুত।’

দলের শীর্ষনেতাদের উদ্দেশ্যে তাঁর বার্তা, ‘আমাকে কোনওভাবেই কেউ বাঁচাতে পারবে না। এমনকী জেলে ঢুকিয়েও লাভ হবে না।’ আদিত্য ঠাকুরের আরও দাবি, তাঁর বদলে যাকে টিকিট দেওয়া হয়েছে, সে একজন অপরাধী। কিন্তু অপরাধের কালি যার গায়ে লাগেনি, দল তাকে ব্রাত্য করেছে।

সূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে, আদিত্য ঠাকুর নিশ্চিত ছিলেন, আসন্ন বিধানসভা নির্বাচনে দল এবার তাঁকে টিকিট দেবে এবং প্রতিদ্বন্দ্বিতা করবে আলিগড় থেকে। কিন্তু প্রথম দফার প্রার্থীতালিকায় তাঁর নাম না থাকায় আদিত্য ঠাকুর রীতিমতো হতাশ।

প্রসঙ্গত উল্লেখ্য, গত ১৩ জানুয়ারি সমাজবাদি পার্টি-রাষ্ট্রীয় লোকদল প্রথম দফার প্রার্থীতালিকা প্রকাশ করে। প্রার্থীতালিকায় নাম রয়েছে ২৯জনের। এর মধ্যে এসপি ১০টি আসনে প্রার্থী দিয়েছে। বাকি আসনে প্রার্থী দিয়েছে রাষ্ট্রীয় লোকদল। উত্তরপ্রদেশে এবার সাত দফায় ভোট।