নিজস্ব প্রতিনিধি:  কেন্দ্রের রিপোর্টে মুখ পুড়ল বঙ্গ বিজেপির। বঙ্গের বিজেপি শিবির বার বার রাজ্যের বিরুদ্ধে প্রধানমন্ত্রী আবাস যোজনায় বরাদ্দ টাকা খরচ, তালিকা মেনে ঘর বিতরণ সহ একাধিক বিষয়ে দুর্নীতি হয়েছে বলে অভিযোগ তুলেছে। এবার বঙ্গ বিজেপির সেই অভিযোগই মান্যতা পেল না বিজেপি শাসিত কেন্দ্র সরকারের রিপোর্টে। বরং এই সমস্ত বিষয়ে কেন্দ্রের রিপোর্টে রাজ্য সরকারকে প্রশংসা করা হয়েছে! আর নিজেদের অধিকাংশ অভিযোগ মিথ্যা প্রমাণিত হওয়া মুখ পুড়ল সুকান্ত লকেট শুভেন্দু শমীকদের।

প্রধানমন্ত্রী আবাস যোজনায় কেন্দ্র সরকারের বরাদ্দ করা টাকা ঠিকমতো খরচ হচ্ছে কি না, যারা ঘর পাচ্ছেন তাদের নামের তালিকা নিয়ম মেনে তৈরি হচ্ছে কি না, তা জানতে বাংলায় প্রতিনিধি দল পাঠিয়েছিল কেন্দ্রের মোদি সরকার। সেই প্রতিনিধি দল বাংলায় এসে রিপোর্ট তৈরী করে জমা দিয়েছে। ভারত সরকারের গ্রামোন্নয়ন মন্ত্রকের ন্যাশানাল লেভেল মনিটরিং টিমের ওই রিপোর্টে স্পষ্ট জানানো হয়েছে, প্রধানমন্ত্রী আবাস যোজনা নিয়ে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে যে সমস্ত অভিযোগ উঠেছে, তার বেশিরভাগই মিথ্যে। দু-একটি জেলার কিছু অভিযোগের সত্যতা পাওয়া গেলেও অধিকাংশই মিথ্যা বলে জানানো হয়েছে ওই রিপোর্টে।

রাজ্যের বেশ কয়েকটি জেলার মানুষের সঙ্গে কথা বলে কেন্দ্রের ওই প্রতিনিধি দল। দুটি ব্লকের ১০টি গ্রাম পঞ্চায়েত এলাকার আবাস যোজনার উপভোক্তাদের সঙ্গে কথা বলেন প্রতিনিধি দলের সদস্যরা। উপভোক্তাদের সঙ্গে কথা বলার পর পর্যালোচনা রিপোর্ট তৈরি করা হয়। সেই রিপোর্টে উল্লেখ করা হয়েছে, উত্তর দিনাজপুর জেলায় আবাস যোজনা নিয়ে বেশ কয়েকটি গুরুতর অভিযোগ উঠেছিল। সেগুলির মধ্যে বেশিরভাগ অভিযোগই মিথ্যা। জলপাইগুড়ি, দক্ষিণ দিনাজপুর, কোচবিহার, বাঁকুড়া, আলিপুরদুয়ার, মালদহ, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, উত্তর ২৪ পরগনা জেলার বিরুদ্ধে ওঠা অভিযোগগুলির সত্যতা খুঁজে পায়নি কেন্দ্রীয় দল। নদিয়া ও পুরুলিয়া জেলায় কয়েকটি অভিযোগ আংশিক সত্য বলে জানিয়েছেন প্রতিনিধিরা কেন্দ্র সরকারের এমন রিপোর্টে কার্যত মাথা হেঁট হয়ে গিয়েছে বঙ্গ বিজেপির নেতাদের। তাঁদের অভিযোগ কার্যত মান্যতা পেল না মোদি সরকারের তরফে পাঠানো প্রতিনিধি দলের রিপোর্টে।