আন্তর্জাতিক ডেস্ক: রেস্টুরেন্ট, পানাশালা, শপিংমলের দরজা খুলে স্কুলের দরজা বন্ধের সিদ্ধান্ত রীতিমতো অসন্তুষ্ট বিশ্ব ব্যাঙ্কের শিক্ষা অধিকর্তা জেইমি সাভেড্রা। আমেরিকা থেকে ভারতের একটি সংবাদ সংস্থার সঙ্গে কথা বলতে গিয়ে বিশ্ব ব্যাঙ্কের শিক্ষাঅধিকর্তা বলেন, এখনও পর্যন্ত এমন কোনও তথ্যপ্রমাণ হাতে আসেনি, যার ভিত্তিতে এটা বলা যেতে পারে, স্কুল-কলেজ খোলা রাখলে ভাইরাসের সংক্রমণ বেড়ে যাবে।

সংবাদসংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘গত বছর আমরা কী দেখলাম? দেখলাম অবহেলা। কীভাবে করোনার মোকাবিলা করা যায়, তার পথ খুঁজতে বিশ্ব যখন ব্যস্ত, সেই সময় দেখা গেল আচমকাই স্কুল-কলেজের দরজা দুম-দাম বন্ধ করে দেওয়া হল। মাঝে কেটেছে বেশ কিছু সময়। ২০২০ এবং ২০২১-য়ের শেষে দেখা গেল একের পর এক ঢেউ। কিন্তু তারপরে বিশ্বের বহু দেশে স্কুলের দরজা বন্ধ হয়নি।কিছু কিছু দেশে দেখা গেল ঠিক বিপরীত ছবি।’

শিক্ষা অধিকর্তার বয়ান অনুযায়ী, ‘স্কুল বন্ধের সঙ্গে করোনা ভাইরাসের বিস্তারের কোনও সম্পর্ক নেই। এমন কোনও প্রমাণও পাওয়া যায়নি স্কুলের দরজা খুলে দিলে সংক্রমণ অস্বাভাবিক হারে বেড়ে যাবে। যদি নতুন করে বিশ্বজুড়ে ভাইরাসের তরঙ্গ উঠলে একমাত্র শেষ সম্বল হবে স্কুল-কলেজ বন্ধ রাখা।’

ওই সর্বভারতীয় সংবাদংস্থার প্রতিবেদন অনুযায়ী বিশ্ব ব্যাঙ্কের শিক্ষা দফতর এই বিষয়ে সম্প্রতি একটি গবেষণা চালায়। তাদের গবেষণা অনুসারে, ভাইরাসের দাপটের মাঝেও স্কুল খোলা রাখলে শিশুদের ঝুঁকি প্রায় নেই বললেই চলে। ওমিক্রন ভাইরাস নিয়েও মত পোষণ করেন জেইমি সাভেড্রা। বলেন, এই ভাইরাসে শিশুদের আক্রান্ত হওয়ার সম্ভাবনাও খুব কম।