আন্তর্জাতিক ডেস্ক: না, এবারের অ্যাশেজ থেকে কিছুই প্রাপ্তি হল না ইংল্যান্ডের। পুরোপুরি খালি হাতেই দেশে ফিরতে হচ্ছে জো রুট অ্যান্ড কোম্পানিকে। সিরিজের পাঁচ টেস্টের মধ্যে চারটিতেই হারের মুখ দেখতে হয়েছে ইংরেজদের। ভাগ্য সুপ্রসন্ন থাকায় চতুর্থ টেস্ট ড্র করে ফেলে তারা। তবে হোবার্টে হওয়া পঞ্চম তথা শেষ টেস্টেও হারের মুখ দেখতে হয়েছে রানির দেশের ক্রিকেটারদের। অজি বোলারদের দাপটে মাত্র ১২৪ রানেই গুটিয়ে গেল ইংল্যান্ডের ইনিংস। যার ফলে ১৪৬ রান তথা বড় ব্যবধানেই জয় তুলে নিল অস্ট্রেলিয়া।

হোবার্টে ২৭১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা বেশ ভালোভাবেই করেছিল ইংরেজরা। হাতে ছিল আরও দু’টি গোটা দিন। ৬৮ রানের পার্টনারশিপও হয়ে গিয়েছিল। ফলে একটা সময় মনে হচ্ছিল এবার বোধ হয় জয়ের দেখা পাবে ব্রড, স্টোকসরা। কিন্তু ক্রিকেট বড়ই অনিশ্চয়তার খেলা। রীতিমতো তাসের ঘরের মতো ভেঙে পড়ল ইংল্যান্ডের ইনিংস।

কামিন্স, বোলান্ড এবং গ্রিনের দাপটে কিছুক্ষণের মধ্যেই খেলা শেষ হয়ে গেল। সকলেই ৩টি করে উইকেট পেয়েছেন। আর একটি উইকেট গিয়েছে মিচেল স্টার্কের ঝুলিতে। টসে জিতে বোলিং করার সিদ্ধান্ত নেয় ইংল্যান্ড। প্রথমে ব্যাট করে ৩০৩ রান তুলেছিল অজিরা। জবাবে ১৮৮ রানে গুটিয়ে যায় রুটদের প্রথম ইনিংস। এরপর দ্বিতীয় ইনিংস মার্ক উডের দাপটে মাত্র ১৫৫ রান তোলে স্মিথ, ওয়ার্নাররা। তবে লক্ষ্য তাড়া করতে নেমে ১২৪ রানেই শেষ হয়ে যায় ইংরেজদের ইনিংস।